Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

অপারেটর হিসেবে স্বামী সহ ৪ তৃণমূল নেতার নাম সুপারিশ প্রধানের, বিতর্ক

অপারেটর হিসেবে স্বামী সহ ৪ তৃণমূল নেতার নাম সুপারিশ প্রধানের, বিতর্ক
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: পঞ্চায়েত এলাকায় পানীয় জলের পাম্প হাউসে অপারেটর হিসেবে নিয়োগ হবে। তার জন্য স্বামী ও অঞ্চল সভাপতি সহ দলের চারজনকে দক্ষ কর্মী হিসেবে চাকরির সুপারিশ করেছেন বিষ্ণুপুরের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান। প্রধানের স্বামী নিতাই পৌলিক, তৃণমূল কংগ্রেসের বেলশুলিয়া অঞ্চল সভাপতি কাসেম শেখ, স্থানীয় এক পঞ্চায়েত সদস্যার স্বামী সাকির আলি খান ও দলের অঞ্চল কমিটির সদস্য জিয়ারুল শেখের নাম সুপারিশ করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের প্যাডেই মেমো নম্বর সহ প্রধান জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের বিষ্ণুপুর সাবডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে লিখিত চিঠি পাঠান। বিষয়টি সামনে আসতেই এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে। বিরোধীরা এনিয়ে সমালোচনায় সরব হয়েছে।  এতে তৃণমূল নেতৃত্ব বেজায় অস্বস্তিতে পড়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের বিষ্ণুপুর সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তী বলেন, পানীয় জলের পাম্প হাউসে অপারেটের পদের জন্য প্রথমেই সংশ্লিষ্ট জমিদাতাদের অগ্রাধিকার দেওয়া হবে। যেখানে সরকারি জায়গায় পাম্প হাউস তৈরি হয়েছে, সেখানে জেলা প্রশাসন ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করবে। তাই নিয়োগের ক্ষেত্রে আমাদের কোনও দায়িত্ব নেই। বেলশুলিয়া পঞ্চায়েতের তরফে চিঠি আমাদের অফিসে জমা করা হয়েছে।

Advertisement

তৃণমূল কংগ্রেসের বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কাশেম সাহেব বলেন, চাকরির সুপারিশের ব্যাপারে আমার কিছুই জানা নেই। তবে দলেরই একজন কর্মী জিয়ারুল শেখ নিজের স্বার্থের জন্য প্রধানকে ভুল বুঝিয়ে ওই চিঠি পাঠিয়েছেন। তাতে তাঁর নিজের নামের পাশাপাশি আমাদের নামও ঢুকিয়ে দিয়েছেন। তিনি নিজেই ওই চিঠি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অফিসে জমা দিয়ে এসেছেন। ঘটনা জানতে পেরেই অবিলম্বে ওই চিঠি বাতিল করার জন্য প্রধানকে বলা হয়েছে।
বেলশুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণুপ্রিয়া পৌলিক বলেন, আলোচনায় সিদ্ধান্ত মতো আমি চিঠি পাঠিয়েছি। পরে অবশ্য ওই চিঠি বাতিল করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মাধ্যমে বাঁকুড়া জেলাজুড়ে নলবাহিত পানীয় জল প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যে বহু জায়গায় তা চালু হয়ে গিয়েছে। ওই পাম্প হাউস চালানোর জন্য ঠিকাদারের মাধ্যমে একজন করে অপারেটর নিয়োগ করা হয়। বিষ্ণুপুরের বেলশুলিয়া এলাকায় আগুনকুমারী, বেলশুলিয়া, চাঁদাবিলা ও জিয়াবাঁদিতে পাম্প হাউস তৈরি হয়েছে। সেখানে অপারেটর পদে লোক নেওয়া হবে জানতে পেরে স্থানীয় গ্রাম পঞ্চয়েতের প্রধান বিষ্ণুপ্রিয়াদেবী সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়ে চারজনের নাম সুপারিশ করেছেন। ওই চারজন দক্ষ কর্মী যাতে চারটি পাম্প হাউসে চাকরি পান, তার জন্য গ্রাম পঞ্চায়েতের প্যাডে মেমো নম্বর এবং প্রধানের সই সহ লিখিত আবেদন জানানো হয়েছে। ওই ঘটনা জানাজানি হতেই বিরোধীরা সরব হয়েছে।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন, তৃণমূল নেতারা ক্ষমতায় থাকাকালীন লুটেপুটে খাচ্ছেন। ২০২৬-এ দলটা আর ক্ষমতায় থাকবে না ধরে নিয়ে নেতারা ভবিষ্যতের জন্য আখের গোছানোর চেষ্টা চালাচ্ছেন। সেই জন্য স্থানীয় যোগ্যদের বঞ্চিত করে নেতাদের চাকরির লিখিত সুপারিশ করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ