Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রভসিমরনের ব্যাটিংই অসুস্থ বাবার দাওয়াই

প্রভসিমরনের ব্যাটিংই অসুস্থ বাবার দাওয়াই
  • ৬ মে, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

পাঞ্জাব: দু’টি কিডনিই বিকল। সপ্তাহে তিনবার ডায়ালিসিস করাতে হয়। পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হচ্ছে। কার্যত মৃত্যুর সঙ্গে লড়ছেন সর্দার সুরজিৎ সিং। কষ্ট কমাতে মুঠো মুঠো ওষুধ খাচ্ছেন তিনি। তবে ছেলে প্রভসিমরনের খেলা থাকলে অসুস্থতা মুহূর্তে উধাও। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ছেলের ৯১ রানের ইনিংস তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন তিনি। টিভির সামনে পরিবারের সবার সঙ্গে বসে গর্বিত বাবা দেখেছেন ম্যাচ। সেই সময় অনেকটাই সুস্থ দেখায় তাঁকে। লখনউয়ের বিরুদ্ধে প্রভসিমরনের দুরন্ত ইনিংস যেমন মুখে হাসি ফুটিয়েছে তাঁর। সুরজিতের দাদা সতবিন্দরপাল সিং সোমবার বলেন, ‘সকালেই আমায় জিজ্ঞাসা করেছে ভাই, সিম্বু (প্রভসিমরনের ডাক নাম) কি ম্যাচের সেরা হয়েছে? ওকে দেখলে কে বলবে যে কষ্টে রয়েছে!’

Advertisement

চলতি মরশুমে পাঞ্জাব কিংসে যোগ দিয়ে বাবা ও জেঠুকে দু’টি শতরান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রভসিমরন। তবে এখনও কথা রাখতে পারেননি। তাতে যদিও আক্ষেপ নেই কারওর। কারণ, টিভির পর্দায় ‘সিম্বু’কে দেখেই চাঙ্গা হয়ে যাচ্ছেন সুরজিৎ। দাদা সতবিন্দরপালের মন্তব্য, ‘ভাই খুব যন্ত্রণা পাচ্ছে। ওষুধ সব সময় কাজ করছে না। কিন্তু ছেলের খেলা দেখলে বাচ্চাদের মতো আনন্দে মাতছে। খালি হেসেই চলেছে। এটাই ওর দাওয়াই।’

Advertisement
সম্পর্কিত সংবাদ