সংবাদদাতা, গঙ্গারামপুর: গঙ্গারামপুর শহরের ফুটবল মাঠে খুঁটিপুজোর মাধ্যমে পুর উৎসবের প্রস্তুতি শুরু হল। সোমবার পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের উপস্থিতিতে সাড়ম্বরে খুঁটিপুজো হয়। এদিন থেকেই পুর উৎসবের প্যান্ডেলের কাজ শুরু হয়। আগামী ২৫ ও ২৬ জানুয়ারি গঙ্গারামপুর ফুটবল মাঠে হবে দুদিনব্যাপী পুর উত্সব। অনুষ্ঠানে থাকবে রোডরেস। শহরের স্কুল ও কলেজ পড়ুয়াদের নিয়ে থাকবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শহরের ক্লাবগুলিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করানো হবে বিভিন্ন প্রতিযোগিতায়। শহরবাসীর জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। গঙ্গারামপুর শহরের স্বনির্ভর দলগুলি খাবারের স্টল দেবে। পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন, এবারই প্রথম পুর উৎসব হবে। তাই এই উত্সব জাঁকজমক করে হবে। দু’দিন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকছে। ফুটবল মাঠে সরকারি দপ্তরের একাধিক স্টল থাকছে।



