Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রায় ২ কোটি টাকা প্রতারণার শিকার বালুরঘাটের ব্যবসায়ী

প্রায় ২ কোটি টাকা প্রতারণার শিকার বালুরঘাটের ব্যবসায়ী
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পতিরাম: অনলাইন ট্রেডিং অ্যাপের রমরমা কারবার দক্ষিণ দিনাজপুর জেলায়। লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ আগেই ছিল, এবার কোটি টাকা প্রতারণার অভিযোগ সামনে এল বালুরঘাটে। ভুয়ো ট্রেডিং অ্যাপে এক ব্যবসায়ীর ১ কোটি ৮৩ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ সামনে এল। এনিয়ে রবিবার রাতে বালুরঘাটে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। এদিকে সাইবার ক্রাইম থানায় এমন অভিযোগ সম্প্রতি বেশি আসছে। গতকালই প্রতারিত এক মহিলার ন’লক্ষ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। এবার রাতেই প্রায় দু’কোটি টাকা প্রতারণার অভিযোগ নিয়ে থানায় হাজির হন এক ব্যবসায়ী। পুলিসের অনুমান, প্রতিদিনই বহু মানুষ ট্রেডিং অ্যাপের মাধ্যমে এই জালিয়াতি চক্রের ফাঁদে পড়ে টাকা খোয়াচ্ছেন। তাই এনিয়ে সতর্ক করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কোনও লিঙ্ক ক্লিক করে ট্রেডিং অ্যাপ খুলতে নিষেধ করছে সাইবার পুলিস। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর সাইবার ক্রাইম থানার আইসি সৌরভ ঘোষ বলেন, রবিবার এক ব্যবসায়ীর কাছ থেকে ওই অভিযোগ পেয়েছি। পুরো ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ট্রেডিং অ্যাপ নিয়ে আমরা ব্যাপক প্রচার শুরু করেছি। 
Advertisement
পুলিস সূত্রে খবর, বালুরঘাটের ওই ব্যবসায়ী সেপ্টেম্বর মাস থেকে এই লগ্নি শুরু করেন। ওই ইনভেস্ট কোম্পানির রাজস্থান ও মহারাষ্ট্রের দুই ব্যক্তির সঙ্গে যোগাযোগের মাধ্যমেই দফায় দফায় ১ কোটি ৮৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু পরবর্তীতে ওই টাকা আর তুলতে পারছেন না সেই ব্যবসায়ী। পুলিসে লিখিত অভিযোগ করলেও এত টাকা কেন না জেনেই ওই কোম্পানিতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ইনভেস্ট করলেন, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও ব্যবসায়ীর দাবি, পুরো টাকা ব্যবসার কাজের ছিল। তিনি রাজস্থান ও মহারাষ্ট্রের দুই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। 
উল্লেখ্য, বালুরঘাটের একাংশ বড় ব্যবসায়ী প্রতিদিনই এই ট্রেডিং অ্যাপে কারবার করছেন। শুধু ব্যবসায়ী নয়, চাকিরিজীবী ও চিকিৎসকরাও ট্রেডিং অ্যাপে টাকা লাগিয়ে নানা শেয়ার কেনেন এবং মুনাফাও করেন। 
সম্প্রতি বাড়ির মহিলারাও এই ট্রেডিং অ্যাপে টাকা লাগাচ্ছেন বলেও খবর। কিন্তু এই ট্রেডিং অ্যাপকে অস্ত্র করেই সক্রিয় হয়ে উঠেছে প্রতারণা চক্র। ভিনরাজ্যে বসেই তারা জালিয়াতি চক্র চালাচ্ছে। বেশি টাকা লাভের লোভ দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় পাঠানো লিঙ্কের মাধ্যমে খোলা হচ্ছে অ্যাপ। এরপর সেই অ্যাপের সঙ্গে যুক্ত প্রতারকরা ফোনের মাধ্যমে নানা পরামর্শ দিচ্ছে। এরপরই বেশি টাকা বিনিয়োগ করতেই তা ব্লক করে দেওয়া হচ্ছে। সাইবার থানা জানিয়েছে, সেশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে যেন এভাবে কেউ বিনিয়োগ না করেন। এমনকী প্রয়োজনে লগ্নিকারী সংস্থা সেবি অনুমোদিত কি না, তা যাচাই করেই ট্রেডিং করার বিষয়ে সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ