Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রায় ২৫ বছর পর সার্কাসের তাঁবু রায়গঞ্জে, অপেক্ষায় শহরবাসী

প্রায় ২৫ বছর পর সার্কাসের তাঁবু রায়গঞ্জে, অপেক্ষায় শহরবাসী
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সরকারি বিধিনিষেধে থাকে না বাঘ, ভালুক। তার জায়গায় আফ্রিকান জিমন্যাস্টদের সামনে রেখে রায়গঞ্জ শহরে রঙিন তাবু ফেলতে চলেছে টারজান সার্কাসের দল। প্রায় ২৫ বছর পর শহরে বসতে চলেছে শীতকালীন এই সার্কাসের আসর। যা নিয়ে এখন থেকেই শহর ও পার্শ্ববর্তী এলাকায় উন্মাদনা। জোরকদমে তাবু টাঙানোর প্রস্তুতি চলছে রায়গঞ্জ পুরসভার কাছে করোনেশন স্কুল মাঠে। হচ্ছে মাপজোখ। সবকিছু পরিকল্পনা মতো এগলে ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে সার্কাস। 
Advertisement
একটা সময় শীতকাল মানেই পিঠে-পায়েস, কমলালেবু আর সার্কাস। কালের ফেরে ও প্রযুক্তির বিপ্লবে সেই বিনোদনের আমূল পরিবর্তন ঘটেছে। বিশেষত যে ছোটদের কথা মাথায় রেখে সার্কাসের শো চলত, সেই প্রজন্মই এখন ডুবে মোবাইল ফোনে। উত্তর দিনাজপুর জেলা সদর হিসেবে রায়গঞ্জও এর বাইরে নয়। তারপরও ধুঁকতে থাকা সার্কাস শিল্পে পুনরুত্থান চান অনেকে। মানুষের এই চাহিদা বুঝতে পেরে দীর্ঘ কয়েক বছর পর শহরের একটি ময়দানে এই উদ্যোগ সার্কাস কর্তৃপক্ষের। 
ম্যানেজার সঞ্জীব ঘোষ বলেন, আশপাশের ব্লকে দল নিয়ে এলেও শুনেছি দীর্ঘ কয়েক বছর রায়গঞ্জ শহরে সার্কাসের আসর বসেনি। তাই এবার করোনেশন স্কুলমাঠে তাবু টাঙানোর ব্যবস্থা করা হয়েছে। আপাতত আমরা একমাস সার্কাস চালানোর অনুমোদন পেয়েছি। পরে চাহিদা অনুযায়ী সময়সীমা বাড়ানো হতে পারে।
সার্কাসের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা ৮ ডিসেম্বর। বন্যপ্রাণ সংরক্ষণ আইনে পশু, পাখির খেলা দেখানোয় বিধিনিষেধ আছে। তাই মূলত জিমন্যাস্টিক নির্ভর শো করবে কর্তৃপক্ষ। পাঁচ আফ্রিকান জিমন্যাস্টকে আনা হচ্ছে। তাঁরা নানা কসরত দেখাবেন। এছাড়া দেশের জিমন্যাস্টরাও থাকবেন। ছোটদের আনন্দ দিতে গ্লোবের মধ্যে বাইকের খেলা, জ্যান্ত মাছ খেয়ে ফেলার মতো চিত্তাকর্ষক খেলা থাকছে। 
কংগ্রেস নেতা তথা প্রবীণ শহরবাসী তিলক তীর্থ ভৌমিক বলেন, অনেক বছর আগে সার্কাস এসেছিল রায়গঞ্জ শহরে। কত বছর আগে মনে নেই। তবে ২০০০ সালের পর রায়গঞ্জ শহরে কোনও সার্কাসের আসর বসেনি, সেটা বলতে পারি।
সম্পর্কিত সংবাদ