Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

তীব্র গরমে তমলুকে বিদ্যুৎ বিভ্রাট, গভীর রাতে অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের

তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার হলেন তমলুক ব্লকের বাসিন্দারা। প্রতিবাদে বিষ্ণুবাড়-১ পঞ্চায়েতের অধীন দরজা এলাকায় টানা ছ’ঘণ্টা পথ অবরোধ করলেন বাসিন্দারা। তমলুক-পাঁশকুড়া সড়কে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।

তীব্র গরমে তমলুকে বিদ্যুৎ বিভ্রাট, গভীর রাতে অবরোধ ক্ষুব্ধ বাসিন্দাদের
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার হলেন তমলুক ব্লকের বাসিন্দারা। প্রতিবাদে বিষ্ণুবাড়-১ পঞ্চায়েতের অধীন দরজা এলাকায় টানা ছ’ঘণ্টা পথ অবরোধ করলেন বাসিন্দারা। তমলুক-পাঁশকুড়া সড়কে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। নাজেহাল হন মানুষজন। তমলুক থানার পুলিস দু’দফায় অবরোধ তুলতে ঘটনাস্থলে গেলেও সফল হয়নি। এর ফলে ওই সড়কে তীব্র যানজট হয়। সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার তমলুক বিডিও অফিসে বৈঠক হয়। সেখানে বিডিও ওয়াসিম রেজা, তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ ও বিদ্যুৎ বণ্টন সংস্থার তমলুকের স্টেশন ম্যানেজার শেখ ইস্রাফিল উপস্থিত ছিলেন। কী কারণে বিদ্যুৎ বিভ্রাট তা নিয়ে ব্যাখ্যা দেন বণ্টন সংস্থার স্টেশন ম্যানেজার। সোমবার রাত ১১টা ৪০মিনিট নাগাদ কাকগেছিয়া ফিডার থেকে আসা বিদ্যুৎ লাইন ছিঁড়ে পড়ে। হোগলা বনের মধ্যে কোথায় লাইন ছিঁড়ে পড়েছে ওই রাতে তা বোঝাই যাচ্ছিল না। এর ফলে বিষ্ণুবাড়-১ পঞ্চায়েতের মৈশালী উত্তর ও দক্ষিণ, নাইকুড়ি, পূর্বকোলা, বিষ্ণুবাড়, যশাডম্বুর, মান্দারগড় সহ গোটা পঞ্চায়েত বিদ্যুৎহীন হয়ে পড়ে। প্রচণ্ড গরমে পাখা স্তব্ধ হয়ে যাওয়ায় মানুষজন দুর্ভোগের মধ্যে পড়েন। বণ্টন সংস্থার অফিসে বারবার ফোন করেও কোনও জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ। এরপর রাত ১২টা থেকে স্থানীয়রা জড়ো হয়ে দরজা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করেন। কয়েকশো মানুষের সেই অবরোধ তুলতে বলপ্রয়োগ করেনি পুলিস। পুলিস-প্রশাসনের পক্ষ থেকেও বণ্টন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু, কোনও অবস্থায় পরিষেবা স্বাভাবিক করা যায়নি। রাত ৩টে ৫৮মিনিট নাগাদ লাইন জুড়ে চার্জ করার পর আবারও এক জায়গায় তার ছিঁড়ে পড়ে। এভাবে বণ্টন সংস্থার অধীন ঠিকাদার সংস্থাও হয়রানির মুখে পড়ে। সকাল ৬টা নাগাদ লাইন স্বাভাবিক হয়। বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হতে অবরোধও উঠে যায়। টানা ছ’ঘণ্টার অবরোধে স্তব্ধ হয়ে যায় তমলুক-পাঁশকুড়া সড়কে যান চলাচল। স্থানীয় বাসিন্দা তথা বিষ্ণুবাড়-১ অঞ্চল তৃণমূল সভাপতি দেবব্রত গুড়িয়া বলেন, আগে এই এলাকার বিদ্যুতের লাইন সরাসরি রাধামণি থেকে টানা হয়েছিল। এখন সেই লাইন কেটে ঘুরপথে আনা হয়েছে বলে বিদ্যুৎদপ্তরের কর্মীদের কাছ থেকে আমরা জেনেছি। এটা জানার পর এই এলাকার মানুষজন আরও ক্ষিপ্ত হয়েছেন। তাই বণ্টন সংস্থার বিরুদ্ধে ক্ষোভ জানাতে টানা ছ’ঘণ্টার অবরোধ চলে।

Advertisement

বিদ্যুৎ বণ্টন সংস্থার তমলুকের স্টেশন ম্যানেজার ইস্রাফিল সাহেব বলেন, রাতে লাইন ছিঁড়ে পড়ে গিয়েছিল। হোগলা জঙ্গলের উপর লাইন কোথায় কেটে পড়েছে তা জানতে হিমশিম খেতে হয়। তারপর লাইন মেরামতির চেষ্টা চলে। চার্জ দিতে গিয়ে আরেকবার লাইন কেটে যায়। এভাবে রাত ১১টা ৪০মিনিট থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা দিয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ