সংবাদদাতা, বসিরহাট: বোমা বিস্ফোরণে হাত হারানো পৌলমীর বাবার দেহ উদ্ধার বাড়ির পিছনের জলাশয়। আট বছর আগে বাড়ির পাশে বোমা বিস্ফোরণে বাঁ হাত হারিয়েছিল ছোট্ট মেয়ে পৌলমী হালদার। সেই ঘটনার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে পরিবারটি। এবার সেই পরিবারে নেমে এল আরও এক বিপর্যয়। বাড়ির পিছনের জলাশয় থেকে উদ্ধার হল পৌলোমীর বাবা শম্ভু হালদারের (৪৬) মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে হাড়োয়া থানার অন্তর্গত গোপালপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর হালদারপাড়া এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন শম্ভুবাবু। তারপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে রাতেই হাড়োয়া থানায় নিখোঁজের অভিযোগ করেন। এরপর বুধবার সকালে তাঁদের বাড়ির পিছনের একটি পুকুরে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে দেহটি শম্ভু হালদারের বলে শনাক্ত করেন। খবর দেওয়া হয় হাড়োয়া থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
২০১৮ সালের ২০ এপ্রিল সকালে বাড়ির পাশে ফুল তুলতে গিয়েছিল আট বছরের শিশু পৌলমী। তখন আচমকাই বোমা বিস্ফোরণ ঘটে। তাতে উড়ে যায় তার বাঁ হাত। সেই ঘটনার পর কেটে গিয়েছে আটটি বছর। বর্তমানে পৌলোমীর বয়স ১৬ বছর। পরিবারের অভিযোগ, তৎকালীন রাজ্য সরকারের তরফে একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তীকালে তাঁরা কোনোরকম আর্থিক বা প্রয়োজনীয় সরকারি সাহায্য পাননি। এরপর পরিবারের একমাত্র ভরসা শম্ভু হালদারের এমন অস্বাভাবিক মৃত্যুতে কার্যত দিশাহারা হয়ে পড়েছে পরিবারটি। আত্মীয়-স্বজনদের আবেদন, সরকার যদি এই অসহায় পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে এই পরিবারটা সুস্থভাবে বাঁচতে পারবে।
পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, শম্ভুবাবু স্নায়ু ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। সেই অসুস্থতার কারণে কোনোভাবে পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়েছে কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও দেখা হচ্ছে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।



