সংবাদদাতা, ঘাটাল: হুগলিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আলু চাষিদের পাশে থাকার আশ্বাস দেওয়ায় আশায় বুক বাঁধছেন ঘাটাল মহকুমার আলু চাষিরা। গত মরশুমে আলুর ব্যাপক ফলন সত্ত্বেও উপযুক্ত দাম না পেয়ে চরম ক্ষতির মুখে পড়েছিলেন তাঁরা। বৃহস্পতিবার হুগলির পুরশুড়ায় মুখ্যমন্ত্রী আলু চাষিদের জন্য একগুচ্ছ প্যাকেজ ঘোষণা করতেই নতুন করে আশার সঞ্চার হয়েছে এই মহকুমার কৃষিজীবীদের মনে।
ঘাটাল মহকুমার তিনটি থানা এলাকাতেই প্রচুর পরিমাণে আলু চাষ হয়। তবে সব থেকে বেশি হয় চন্দ্রকোণা বিধানসভা এলাকায়। চন্দ্রকোণা সহ ঘাটাল ও দাসপুর বিধানসভা এলাকার কৃষিবলয়ে আলুই প্রধান অর্থকরী ফসল। গত বছর আলুর দাম তলানিতে ঠেকার পাশাপাশি ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে প্রবল পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছিল তাঁদের। সেই আক্ষেপ মিটিয়ে মুখ্যমন্ত্রী ওই দিন সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো আলু চাষির গাড়ি আটকানো না হয়। ফলে অহেতুক হয়রানি বা মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়ার আতঙ্ক আর থাকছে না বলেই মনে করছেন চাষিরা। মুখ্যমন্ত্রীর ঘোষণার অন্যতম হল পরিবহণ ভর্তুকি। গাড়ি বা রেলে করে আলু নিয়ে গেলে সরকার কুইন্টাল প্রতি ৫০ টাকা করে ভর্তুকি দেবে।
এছাড়াও কৃষিপণ্য বিপণন আইনের আওতায় প্রতিটি হিমঘরকে ‘মার্কেট ইয়ার্ড’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত চাষিদের জন্য বড় প্রাপ্তি। পাশাপাশি মডেল মান্ডি গড়তে প্রতি মান্ডিতে তিন কোটি টাকা করে মোট ১৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাতেও পরিকাঠামো উন্নয়নের স্বপ্ন দেখছে ঘাটাল। চন্দ্রকোণার বিধায়ক সুকান্ত দলুই বলেন, রাজ্য সরকার আলু চাষিদের প্রিমিয়ামের টাকা মিটিয়ে ফসল বিমার আওতায় আনবে, এই খবর চন্দ্রকোণা এলাকার প্রান্তিক চাষিদের দুশ্চিন্তা অনেকটাই কমিয়েছে।
চন্দ্রকোণা বৈকুণ্ঠপুরের আলু চাষি তপন মণ্ডল, মলয় পান প্রমুখ বলেন, বর্তমানে আলুর দাম কুইন্টাল প্রতি ১১২০ টাকার নীচে নামলে রাজ্য সরকার ভর্তুকি দেবে বলে মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন। কৃষিপণ্য বিপণন আরও উন্নত করতে আগামী দিনে রাজ্যে আরও ৫৫০ নতুন আউটলেট যুক্ত করার কথাও ঘোষণা করা হয়েছে। এটা আমাদের কাছে অত্যন্ত সুখবর।পাশাপাশি, হিমঘরে আলু রাখার সময়সীমা প্রয়োজনে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, চলতি মরশুমে রাজ্যে ১৪০ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদনের পর এখনও ২৭ লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে মজুত রয়েছে। এই বিপুল মজুত আলু নিয়ে যখন কৃষকরা দিশাহারা, ঠিক তখনই মুখ্যমন্ত্রীর এই ‘কৃষক সম্মান নিধি’ প্রকল্পের সূচনা এবং আলু কেনায় রাজ্য সরকারের উদ্যোগ ঘাটালের গ্রামগুলিতে ফের নতুন করে আশার আলো জাগাচ্ছে।



