নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এবারও আলু চাষিরা বিমার টাকা পাবেন। বিমা সংস্থা ক্ষতির প্রাথমিক হিসেব অনুসারে জেলায় প্রায় ৫৬ কোটি টাকা দেওয়া হবে। বুধবার জেলা প্রশাসন তা নিয়ে বৈঠকে বসে। জেলার আধিকারিকদের দাবি, আলু চাষে ক্ষতির পরিমাণ অনেক বেশি। বিমা সংস্থাকে ৫৬ কোটির বেশি টাকা দিতে হবে। কয়েকটি পঞ্চায়েত এলাকা তাদের তালিকা থেকে বাদ চলে গিয়েছে। সেই তালিকা অন্তর্ভুক্ত করার পর চূড়ান্ত অর্থ বরাদ্দ করা হবে।কৃষিদপ্তর সূত্র জানা গিয়েছে, এবার বৃষ্টিতে জামালপুর, মেমারি সহ জেলার বিভিন্ন এলাকায় আলু চাষে ক্ষতি হয়। বিমা সংস্থা মাঠে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে। তারপরও বেশকিছু এলাকা বাদ চলে গিয়েছে। এক আধিকারিক বলেন, সমস্ত ক্ষতিগ্রস্ত চাষি যাতে বিমার টাকা পায় তার ব্যবস্থা করা হবে। বিমা সংস্থাকে আবার নতুন করে তালিকা খতিয়ে দেখতে বলা হয়েছে।



