নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুধু নিখোঁজের পোস্টার নয়, এবার সরাসরি পদত্যাগ দাবি। হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিষ্ক্রিয় ও নিষ্কর্মা বলে কটাক্ষ করে বুধবার শহরের বিভিন্ন এলাকায় পোস্টার ফেলল সমাজবাদী পার্টি। মঙ্গলাহাট থেকে হাওড়া পুরসভা সংলগ্ন এলাকা, সকালে একাধিক পোস্টার ঘিরে ফের চর্চা শুরু হয়েছে শহরে। সাংসদের অনুপস্থিতি নিয়ে সাধারণ মানুষের একাংশের ক্ষোভ ও বিরক্তিও তাতে নতুন করে সামনে এসেছে।
কিছুদিন আগেই হাওড়া ময়দান এলাকায় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ‘নিখোঁজ’ বলে পোস্টার দিয়েছিল সমাজবাদী পার্টি। বুধবারের পোস্টারে আরও একধাপ এগিয়ে তাঁর পদত্যাগ দাবি করা হয়েছে। পোস্টারে সাংসদকে ‘নিষ্ক্রিয়’ ও ‘নিষ্কর্মা’ বলে আক্রমণ করা হয়েছে। অন্য একটি পোস্টারে লেখা, ‘আপনি তো রাজনীতি ছেড়ে দিয়েছেন, তাহলে সাধারণ মানুষের কী হবে এবার?’ রাজ্য সমাজবাদী পার্টির সভাপতি শ্রীকান্ত ঘোষের বক্তব্য, কিছুদিন আগে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সাংসদ নিজেই জানিয়েছিলেন, রাজনীতি আর তাঁর ভালো লাগে না। তাই ফুটবল মাঠে সময় কাটাচ্ছেন। শ্রীকান্তর দাবি, এর ফলে শহরের মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। রাজনীতি ভালো না লাগলে পদত্যাগ করছেন না কেন? নতুন সাংসদ এলে অন্তত হাওড়ার জন্য কাজ করার সুযোগ পাবেন।
সাংসদের অনুপস্থিতি নিয়ে সরব হয়েছেন পুর প্রতিমন্ত্রী উমেশ রাইও। তাঁর কটাক্ষ, ভাইফোঁটার অনুষ্ঠানে কয়েকজনের সঙ্গে হাসিঠাট্টা করতে দেখা গেলেও বিধানসভা ভোটের প্রচার ছাড়া শেষ কবে সাংসদকে মানুষ দেখেছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। এলাকায় সাংসদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ বাসিন্দাদের মধ্যেও। মধ্য হাওড়ার বাসিন্দা পেশায় শিক্ষক নীলমণি চট্টোপাধ্যায়ের কথায়, সরকারের আসনে বদল হলেও শহরের ভাগ্য ফেরে না। পুরভোট অনিশ্চিত, ওয়ার্ডে পরিষেবা না পেয়ে মানুষ বঞ্চিত। তার উপর সাংসদও বেপাত্তা। শিবপুরের বাসিন্দা রণজিৎ সরকারের অভিযোগ, গত দু’বছরে কয়েকটি স্ট্রিট লাইট বসানো ছাড়া সাংসদকে অন্য কোনো কাজ করতে দেখা যায়নি। যদিও এদিন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।



