সংবাদদাতা, দার্জিলিং: পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান চাই। এই দাবিতে বুধবার দার্জিলিং, কার্শিয়াং, মিরিক সহ সর্বত্র পোস্টারিং করে বিজেপির শরিক দল জিএনএলএফ। দলের দার্জিলিং শাখা কমিটির সভাপতি এমজি সুব্বার নেতৃত্বে এই পোস্টারিং হয়েছে। অন্যদিকে, এদিন দার্জিলিংয়ের চৌরাস্তায় গোর্খাল্যান্ডের দাবিতে বিক্ষোভ দেখায় কিছু সংগঠন। উল্লেখ্য আজ, বৃহস্পতিবার পাহাড় ইস্যুতে দিল্লিতে ত্রিপাক্ষিক বৈঠক হবে।
রায়গঞ্জে উদ্ধার মানসিক ভারসাম্যহীন: কোমরে শিকল বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবককে ঘিরে চাঞ্চল্য বড়ুয়া গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। ঘটনাটি মঙ্গলবার রাতের।
রায়গঞ্জ থানার পুলিস ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আইসি বিশ্বাশ্রয় সরকার বলেন, আমরা মানসিক ভারসাম্যহীন যুবককে উদ্ধার করে এনেছি। তাঁর পরিচয় জানার চেষ্টা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত বৈদ্যনাথ বর্মণ বলেন, খালি গায়ে, কোমরে শিকল বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন কয়েকজন। কিন্তু যুবক কামড়াতে শুরু করেন। কয়েকজনকে আঁচড়ে দেন। বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভবানন্দ বর্মণ বলেন, রাতে শুনি এক যুবককে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।