নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দার্জিলিং, বাগডোগরা: কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার কাফুকে নিয়ে মাতল পাহাড়-সমতল। বিশ্বকাপ জয়ী ব্রাজিলের এই অধিনায়ক রবিবার দার্জিলিংয়ের লেবংয়ে একটি চা বাগানে সিদ্রা হিলস স্পোটর্স ও ওয়েলনেস রিসর্টের শিলান্যাস করেন। সেখানে তাঁর সঙ্গে কেউ সেলফি তোলেন, কেউ জার্সিতে অটোগ্রাফ নেন। এরপর মাঠে নামেন প্রাক্তন ফুটবলার। তাঁর পায়ের জাদু উপভোগ করেন ফুটবলপ্রেমীরা। উদ্যোক্তারা জানান, পাহাড় সমতলে ফুটবলের প্রসার ঘটনাতেই এই উদ্যোগ।
এদিন বাগডোগরা বিমানবন্দরে নামেন ১৯৯৪ এবং ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের কাণ্ডারি। বিমানবন্দরে ভিড় জমান অগণিত ফুটবলভক্ত ব্রাজিল অনুরাগী। এরপর সড়কপথে দার্জিলিংয়ের লেবংয়ের উদ্দেশ্যে রওনা হন।
শিলান্যাস পর্ব সেরে বল পায়ে মাঠে নামেন কাফু। এদিন দার্জিলিং ওয়ারিয়র্স এবং নর্থ বেঙ্গল ফাইটার্স নামে দু’টি ফুটবল ক্লাব আত্মপ্রকাশ করে। এদের মধ্যে প্রদর্শনী ম্যাচ হয়। উভয়দলেই ২০ মিনিট করে খেলেছেন কাফু। দার্জিলিং ওয়ারিয়র্সের হয়ে পেনাল্টি শুটআউটে গোলও করেন তিনি। ৩-১ ব্যাবধানে ম্যাচটি জিতেছে নর্থ বেঙ্গল ফাইটার্স। দার্জিলিংয়ের লেবংয়ে আয়োজিত সেই অনুষ্ঠানে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও পর্যটনমন্ত্রী শংকর ঘোষ উপস্থিত ছিলেন। ওই টি গার্ডেনের পরিচালক বিরাজ বনসালের দাবি, এদিন কাফু ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মুখ হয়ে উঠেছিলেন। একইসঙ্গে তাঁর বক্তব্য, স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসোর্টটি পর্যটন শিল্পের অংশ। প্রকল্পটি প্রায় ৪০ একর জমিতে গড়ে উঠবে। খরচ হবে ২১৫ কোটি টাকা। এখানে রুম ও ভিলা থাকবে। ফুটবল, বাস্কেটবল, টেনিস সহ আরও বেশকিছু খেলাধুলোর ব্যবস্থাও রয়েছে। • নিজস্ব চিত্র।