সংবাদদাতা, কাকদ্বীপ: প্রধানের পদত্যাগের দাবিতে পোস্টার পড়ল পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনকি প্রধানের অফিসের সামনের দরজাতেও পোস্টার লাগানো হয়েছে। ফলে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, এলাকার উন্নয়নমূলক কাজে চরম ব্যর্থতা ও পরিষেবা না পাওয়ার অভিযোগ তুলে পোস্টার লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘প্রধান হিসাবে আপনি জনগণের কাজ করতে অপারগ। অবিলম্বে পদত্যাগ করুন। আর পঞ্চায়েত অফিসে আসবেন না।’
স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে পঞ্চায়েত স্তরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। গত এক মাস আগে এখানে সোলার বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন সামগ্রী চুরির অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সদস্য গ্রেপ্তার হয়েছিলেন। সেইসব বিভিন্ন ক্ষোভ থেকেই পোস্টারগুলি লাগানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে বলে শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় সাউয়ের দাবি। তিনি বলেন, এলাকায় নিয়মিত উন্নয়নমূলক কাজ করা হয়েছে। কোনো দুর্নীতি হয়নি। আমাদের বদনাম করতে ও এলাকার পরিবেশ অশান্ত করতে বিজেপির কয়েকজন কর্মী এইভাবে পোস্টার লাগিয়েছেন। বিষয়টি বিডিওকে জানানো হয়েছে।
অন্যদিকে, পাথরপ্রতিমার বিজেপির পাঁচ নম্বর মণ্ডল সভাপতি প্রদীপকুমার দাস বলেন, প্রায় ছয় মাস ধরে প্রধান গ্রাম পঞ্চায়েত অফিসে উপস্থিত হননি।
ফলে সাধারণ মানুষের বিভিন্ন সার্টিফিকেট পেতে খুবই অসুবিধা হচ্ছে। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। শ্রমিকদের কাজের টাকা বকেয়া। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। এর সঙ্গে বিজেপির কোনো কর্মী বা সমর্থক যুক্ত নন। পাথরপ্রতিমা ব্লকের এক আধিকারিক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



