নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আমেরিকাগামী সবরকমের ডাক পরিষেবা বন্ধ করল ভারত। তবে ওই সিদ্ধান্ত সাময়িক, জানিয়েছে কেন্দ্রীয় সরকার। গত ২২ আগস্ট যোগাযোগ মন্ত্রকের তরফে বলা হয়েছিল, মার্কিন শুল্ক দপ্তর যে বিধি ঘোষণা করেছে, তা অস্পষ্ট। সেই কারণে আমেরিকাগামী বিমান সংস্থাগুলি শিপমেন্ট বহন করতে চাইছ না। ফলে ১০০ মার্কিন ডলার পর্যন্ত মূল্যের চিঠি, নথি ও উপহার ছাড়া বাকি সমস্ত ধরনের ডাক পরিষেবা বন্ধ করা হচ্ছে। এবার বিজ্ঞপ্তি জারি করে যোগাযোগ মন্ত্রক জানাল, কোনও কিছুই আর ডাকযোগে আমেরিকা পাঠানো যাবে না। যাঁরা ইতিমধ্যেই মার্কিন মুলুকে পণ্য বা নথি পাঠানোর জন্য বুকিং করেছেন, তাঁরা চাইলে পোস্টেজ বাবদ খরচ ফেরতে পাওয়ার জন্য আবেদন করতে পারেন। প্রসঙ্গত, ৮০০ ডলার মূল্য পর্যন্ত সামগ্রী পাঠানোর ক্ষেত্রে আমেরিকায় কোনও শুল্ক লাগত না। যদিও নতুন নিয়মে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গত ৩০ জুলাই মার্কিন প্রশাসনের ইস্যু করা এগজিকিউটিভ অর্ডারে বলা হয়েছে, ১০০ ডলারের বেশি মূল্যের সামগ্রী এবার থেকে আমেরিকায় বহিঃশুল্কের আওতায় পড়বে। ২৯ আগস্ট থেকে এই নির্দেশিকা কার্যকর হয়েছে।



