ভোট পরবর্তী হিংসার মামলা: বাংলা থেকে অন্যত্র সরানোর আরজি প্রত্যাহার সিবিআইয়ের
  • ২৯ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলাগুলি পশ্চিমবঙ্গ থেকে সরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই। ২০টির মতো হলফনামাও জমা দিয়েছিল। কিন্তু, রাজ্যে পালাবদলের ৬ মাসের মধ্যেই শীর্ষ আদালত থেকে সেই আরজি প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় এজেন্সি। তারা জানিয়েছে, পরিস্থিতি বদলে গিয়েছে। তাই আমরা ওই হলফনামাগুলি প্রত্যাহারের অনুরোধ করছি। বুধবার সিবিআইকে হলফনামা প্রত্যাহারের অনুমতি দিয়েছে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চ।  

Advertisement

শীর্ষ আদালত সূত্রে খবর, ২০২৩ সালে মামলাগুলি পশ্চিমবঙ্গের বাইরে সরানোর আরজি জানিয়েছিল এজেন্সি। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার। সিবিআই তখন অভিযোগ করেছিল, ভোট পরবর্তী হিংসা মামলায় সাক্ষীদের প্রভাবিত করার আশঙ্কা রয়েছে। তদন্তকারী সংস্থার আইনজীবীদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় এজেন্সি জানিয়েছিল, এই পরিস্থিতিতে নিরপেক্ষ বিচার হওয়া সম্ভব নয়। তাই মামলা পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হোক। এবছর রাজ্যে পালাবদল ঘটেছে। ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসা নিয়ে নতুন করে তদন্ত শুরু করেছে সিআইডি। ৪৫৮টি অভিযোগের তদন্ত শুরু হয়েছে। নতুন করে ১৮১টি এফআইআর হয়েছে।