Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটের বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, কলকাতা সহ একাধিক জেলায় জারি ‘কমলা’ সতর্কতা

আজ, বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের যেসব জেলায় দ্বিতীয় দফার বিধানসভা ভোট আছে সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার সঙ্গে এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনা।

ভোটের বাংলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা, কলকাতা সহ একাধিক জেলায় জারি ‘কমলা’ সতর্কতা
  • ২৯ এপ্রিল, ২০২৬ ১১:০৪

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের যেসব জেলায় দ্বিতীয় দফার বিধানসভা ভোট আছে সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতার সঙ্গে এই জেলাগুলি হল হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও দুই ২৪ পরগনা। আজ এই বিরাট অঞ্চলের বিভিন্ন জায়গায় জোরালো মাত্রার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এজন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এই সতর্কতা থাকছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্যও। হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো স্থানে আজ ভারী বৃষ্টিও হতে পারে। ভোটগ্রহণ আজ নদীয়া জেলাতেও। সেখানে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির জন্য কোনো কোনো স্থানে ঝড়বৃষ্টির ‘হলুদ’ সতর্কতা দেওয়া হয়েছে। সার্বিকভাবে দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে, বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। কোথাও ঝড়বৃষ্টি হলে স্বাভাবিকভাবে তাপমাত্রা কমে কিছুটা স্বস্তি মিলবে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আপাতত এটাই জানানো হয়েছে। এটা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। 

Advertisement

‘কমলা’ সতর্কতায় বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অন্যদিকে ‘হলুদ’ সতর্কতায় বজ্রপাতসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি হতে পারে। বৃহস্পতিবার ‘কমলা’ সতর্কতা থাকছে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদীয়া, দুই বর্ধমান ও বীরভূম জেলায়। বাকি জেলাগুলির কোনো কোনো স্থানে ওইদিন ‘হলুদ’ সতর্কতা থাকবে।
আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস মঙ্গলবার বলেন, আজ দিনের কোন সময়ে বেশি মাত্রায় ঝড়বৃষ্টি হবে তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না। তবে বিকাল-সন্ধ্যার দিকেই সম্ভাবনা বেশি। বৃহস্পতিবারও বিভিন্ন জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে। জোরালো ঝড়বৃষ্টি দু-এক ঘণ্টার মতো স্থায়ী হবে। বাকি সময়ে মেঘলা ধরনের আবহাওয়া বা কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এখন যা পরিস্থিতি তাতে পশ্চিমাঞ্চল বা ঝাড়খণ্ডের দিকে শক্তিশালী বজ্রমেঘ তৈরি হয়ে কলকাতা ও লাগোয়া জেলাগুলির দিকে আসবে, এটা নিশ্চিত করে বলা যায় না। মেদিনীপুর, বর্ধমান বা বাংলাদেশের দিকে কোনো বজ্রমেঘ তৈরি হয়ে এদিকে সরে আসতে পারে। কোনো কোনো স্থানে বজ্রমেঘ তৈরি হতে পারে স্থানীয়ভাবে। যেসব এলাকায় বজ্রমেঘ থেকে ঝড়বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হবে, তা কয়েকঘণ্টা আগে আবহাওয়া দপ্তর যথারীতি বিশেষ ‘নাউকাস্টিং’ পূর্বাভাসের মাধ্যমে জানিয়ে দেবে। এই সতর্কবার্তা বিভিন্ন সরকারি এজেন্সিকে যথারীতি দেওয়া হবে। 
হিমালয় লাগোয়া উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত আছে। হরিয়ানা থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা এই ঘূর্ণাবর্তের উপর দিয়ে অসম পর্যন্ত গিয়েছে। তাছাড়া আরো একটি নিম্নচাপ অক্ষরেখা আছে। এই কারণে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে প্রবেশ করে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রমেঘ তৈরি করছে। উত্তরবঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। সেখানেও বিভন্ন জেলার জন্য বৃহস্পতিবার পর্যন্ত ‘কমলা’ সতর্কতা রয়েছে। মঙ্গলবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। এর মধ্যে ছিল কলকাতা, দুই ২৪ পরগনা, নদীয়া, পশ্চিম  বর্ধমান ও বীরভূম জেলা।

সম্পর্কিত সংবাদ