বিশ্বজিৎ দাস, কলকাতা: বাংলায় এমবিবিএসে আরও প্রায় এক হাজার আসন বাড়তে পারে। স্বাস্থ্যদপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। দপ্তরের এক পদস্থ সূত্র জানিয়েছে, বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর আসন বৃদ্ধি প্রভূত সম্ভাবনা রয়েছে। এছাড়াও অন্তত চারটি সংস্থা নতুন মেডিকেল কলেজ গড়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে। ফলে রাজ্যে এমবিবিএস আসন সংখ্যা বেড়ে ৭ হাজার হওয়া স্রেফ সময়ের অপেক্ষা! পাশাপাশি এই শঙ্কাও ঘনীভূত হয়েছে, ৭ হাজার এমবিবিএস আসন হওয়ার অর্থ প্রতি ৫ বছর অন্তর ৩৫ হাজার নতুন চিকিৎসক বেরবেন। তাঁরা চাকরি পাবেন তো? এই বৃদ্ধি চাহিদা ও জোগানের ভারসাম্য রেখে হচ্ছে তো? নাকি চাহিদার তুলনায় জোগান অনেকটাই বেশি হয়ে যাচ্ছে?
স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, বাংলায় বর্তমানে ৪১টি মেডিকেল কলেজ রয়েছে। ২৪টি রাজ্য সরকারি, ২টি কেন্দ্রীয় সরকারি ও ১৫টি প্রাইভেট। রাজ্যে মেডিকেল কলেজগুলির মোট এমবিবিএস আসন সংখ্যা ৩,৮৭৪। কেন্দ্রীয় সরকারি দুই প্রতিষ্ঠান ইএসআই জোকা (১৫০) এবং কল্যাণী এইমস-এর (১০০) মোট আসন সংখ্যা ২৫০। আর প্রাইভেট কলেজগুলির মোট এমবিবিএস আসন সংখ্যা ২৩৫০। ফলে বাংলায় মোট এমবিবিএস আসন সংখ্যা দাঁড়াচ্ছে ৬,৪৭৪।
এই পরিস্থিতিতে স্বাস্থ্যভবনের স্বাস্থ্য শিক্ষা শাখা কিছুদিন আগে প্রত্যেক সরকারি মেডিকেল কলেজের কাছে এমবিবিএস এবং এমডি আসন বাড়ানোর মতো পরিস্থিতি আছে কি না, জানতে চায়। রিপোর্ট চেয়ে পাঠানো হয়। সমস্ত মেডিকেল কলেজের অধ্যক্ষের সঙ্গে বৈঠকেও এনিয়ে আলোচনা করেন শীর্ষ স্বাস্থ্যকর্তারা। শেষমেশ সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের ৫টি মেডিকেল কলেজে আসন আরও ৫০টি করে বাড়ানো হবে। কলেজগুলি হল এন আর এস, বর্ধমান, মেদিনীপুর, মালদহ এবং সাগর দত্ত। প্রথম চারটির আসন সংখ্যা ২০০ থেকে বাড়িয়ে করা হচ্ছে ২৫০। সাগর দত্ত মেডিকেল কলেজের আসন সংখ্যা ১২৫ থেকে বেড়ে হতে পারে ১৭৫। এভাবে বাড়তে পারে আরও ২৫০ এমবিবিএস আসন। এছাড়া অন্তত ২০০ এমডি-এমএস আসনও বাড়ানোরও লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য। বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা এবং উত্তরবঙ্গের একটি জেলা থেকে ১৫০ আসনের নয়া মেডিকেল কলেজ গড়ার ইচ্ছাপ্রকাশ করে চারটি সংস্থা আবেদন জানিয়েছে। তা মঞ্জুর হলে বাড়তে পারে আরও অন্তত ৬০০ আসন। আবেদন খতিয়ে দেখা হবে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) ডাঃ ইন্দ্রজিৎ সাহা।