Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একমাস আগে পোর্টাল চালু স্নাতকস্তরে পড়ুয়া বৃদ্ধির আশা

স্নাতকস্তরে ভর্তি পোর্টাল চালু হওয়ায় ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা বাড়তে পারে। এবছর ৫১ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৪৫,৮৭৭ জন পাশ করেছেন। বিস্তারিত পড়ুন।

একমাস আগে পোর্টাল চালু স্নাতকস্তরে পড়ুয়া বৃদ্ধির আশা
  • ৩ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: এবছর উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের কয়েকদিন পর থেকেই স্নাতকস্তরে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু হয়েছে। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পড়ুয়া, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ। গত বছরের তুলনায় এবছর প্রায় একমাস আগে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ায় স্নাতকস্তরে ছাত্রছাত্রী ভর্তির সংখ্যা বাড়তে পারে। রাজ্যে সরকার বদলের পরে একমাস আগেই স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া শুরু ইতিবাচক দিক বলে অনেকে মনে করছেন।

Advertisement

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের পরই রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর নির্দেশিকা দিয়ে জানিয়ে দেয়, ১৮মে থেকে স্নাতকস্তরে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল চালু হবে। নির্দেশিকামতো ওইদিন থেকেই উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা অনলাইনে ভর্তির আবেদন করার চেষ্টা করেন। কিন্তু ওইদিন ভর্তির পোর্টাল খোলেনি। পরদিন অর্থাৎ ১৯মে বিকেল থেকে পোর্টাল খোলে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ায় পোর্টাল সচল হলেও ধীরগতিতে চলার অভিযোগ উঠেছিল। অনেকেই ওইদিন ভর্তির আবেদন করতে পারেননি।
তবে এর পরদিন থেকে ঠিকমতো পোর্টালের কাজ হয়েছে। পড়ুয়ারাও আর তেমন কোনো অভিযোগ করেননি। এবার উচ্চমাধ্যমিকের ফল ঘোষণার পরপরই স্নাতকে ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হওয়ায় শিক্ষামহলে খুশির হাওয়া ছ‌঩ড়িয়েছে। বরাবরই মুর্শিদাবাদ জেলার বহু মেয়ের ১৮বছর পেরতে না পেরতেই বিয়ে হয়ে যায়। ছেলেদের অনেকে কলেজে পড়া ছেড়ে পরিযায়ী শ্রমিকের কাজে লেগে পড়ে। তাই পাশ হওয়া কতজন ছাত্রছাত্রী এবার কলেজে ভর্তি হচ্ছেন, সেদিকে নজর রেখেছে জেলার শিক্ষকমহল।
এবছর জেলায় ৫২,২৫৭জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে ৫১হাজার জন পরীক্ষায় বসেন। ৪৫,৮৭৭জন পাশ করেছেন। তার মধ্যে ১৯,১৩১জন ছাত্র ও ২৬,৭৪৬জন ছাত্রী। 
বহরমপুর কলেজ ও গার্লস কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকরা জানান, স্নাতকস্তরে ভর্তির অভিন্ন কেন্দ্রীয় পোর্টাল এবার রেজাল্ট বেরনোর দু’দিন পরই খুলেছে। প্রথমদিন বিকেল থেকে পোর্টাল স্লো থাকলেও অভিযোগ জানানোর পর সমস্যা মিটে গিয়েছে। পড়ুয়াদের আবেদনে কোনো অসুবিধা হচ্ছে না। স্নাতকস্তরে ভর্তির আবেদনকারী সুজয় ঘোষ ও তন্বিষ্ঠা রায় বলেন, কেন্দ্রীয় পোর্টাল চালু হওয়ায় আমাদের সুবিধা হয়েছে। প্রথম দিন লগ-ইন ও ফর্ম পূরণ করতে বেশ সময় লাগছিল। তাও আমরা দু’দিন পর আবেদন করেছি। নিজেদের পছন্দের কলেজে আবেদন করতে পারায় আমরা খুশি।

সম্পর্কিত সংবাদ