সাইবার অপরাধীদের নতুন ফাঁদ, পা দিলেই সর্বনাশ
  • ১৫ নভেম্বর, ২০২৬ ১০:০৭
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: নয়া কৌশলে এবার প্রতারণার ফাঁদ পাতছেন সাইবার অপরাধীরা। কারো মোবাইল নম্বর থেকে ওটিপি পেলেই সেই মোবাইল হ্যাক করে নিচ্ছে তারা। পরবর্তীতে হ্যাক হয়ে যাওয়া ফোনে যতগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটিতে চলে যাচ্ছে এপিকে ফাইল। এই এপিকে ফাইল পাঠাচ্ছে সাইবার অপরাধীরা। ফাইল খুললেই বিপত্তি। নিমেষের মধ্যে উধাও হয়ে যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের জমানো টাকা থেকে শুরু করে গোপন নথী।

Advertisement

এই প্রসঙ্গে ময়নাগুড়ি থানার সাইবার সহায়তা কেন্দ্র থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে প্রত্যেক মানুষকে। এক আধিকারিক বলেন, ‘একটি মোবাইলে এখন অনেকগুলি হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। প্রত্যেকটি গ্রুপে সাইবার অপরাধীরা এপিকে ফাইল পাঠিয়ে দিচ্ছে। প্রত্যেক মানুষজনদের সতর্ক হতে হবে। মোবাইলে এপিকে ফাইল আছে কি না  সেটা দেখতে হবে । এপিকে ফাইল পেলে মোবাইলের নেট বন্ধ করে সেটা ডিলেট করতে হবে।’ তাই প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক মানুষকে সর্তক হতে বলা হয়েছে। কাউকে ওটিপি শেয়ার বা অজানা কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।