সংবাদদাতা, আলিপুরদুয়ার: বেআইনি মজুতদারির বিরুদ্ধে বিশেষ তল্লাশি অভিযান চালিয়ে বড়োসড়ো সাফল্য পেল মাদারিহাট থানার পুলিশ। গতকাল অর্থাৎ শনিবার রাতে অভিযান চালিয়ে ৯২ বস্তা অবৈধ শুকনো সুপারি উদ্ধার করা হয়েছে। এর পাশপাশি এক অভিযুক্তকেও গ্রেপ্তারও করেছে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশুরঞ্জন বিশ্বাস ওরফে বাপ্পা। সে মাদারিহাটের অশ্বিনীনগর এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায়। সেখান থেকে ৯২ বস্তা বেআইনি শুকনো সুপারি উদ্ধার করেছে পুলিশ। প্রতিটি বস্তার ওজন প্রায় ৮০ কেজি। উদ্ধার হওয়া শুকনো সুপারির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্রই নাকি দেখাতে পারেনি অভিযুক্ত। এরপরই বিশুকে গ্রেপ্তার করে সমস্ত সুপারি বাজেয়াপ্ত করা হয়। ধৃতের বিরুদ্ধে আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না সেই বিষয়েও খতিয়ে দেখছে পুলিশ।



