সংবাদদাতা, বোলপুর: ফের রাজ্যে এনকাউন্টার। পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় মূল অভিযুক্ত রতন শেখের এনকাউন্টারে আজ মৃত্যু হল। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়াল বীরভূমে। শুক্রবার দুই দুষ্কৃতীকে ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর পায়ে গুলি লাগে। এরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, আইন আইনের পথে চলবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরপর আজ রবিবার বিভিন্ন মহল থেকে খবর ছড়ায়, মূল অভিযুক্ত রতন শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে এদিন সন্ধ্যায় নানুর এলাকায় তাকে এনকাউন্টার করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েকবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে এই রতন শেখ এবং আরো দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্র মজুত ও মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রতন শেখ এবং তার এক সঙ্গীকে ধরতে অভিযানে নেমেছিলেন শান্তিনিকেতন থানার দুই পুলিশকর্মী।
অভিযুক্ত রতনের বাড়ি নানুরের সাঁতরা গ্রামে। ২০২৩ সালের একটি মামলায় সে বোলপুর সংশোধনাগারে বন্দি ছিল। শুক্রবার সকালেই জামিনে মুক্তি পায় সে। এরপর ফের অপরাধমূলক কাজে জড়ানোর খবর পেয়ে তার সন্ধানে অভিযানে যান পুলিশকর্মীরা। অভিযোগ, পাকুরতলায় পুলিশকর্মীদের উপস্থিতি টের পেয়েই আগ্নেয়াস্ত্র বের করে তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুই অভিযুক্ত। একটি গুলি লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের বাঁ পায়ের হাঁটুর কাছে। এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। তার পরেই তদন্ত শুরু করে পুলিশ। সূত্র মারফত তদন্তকারীরা জানতে পারেন বর্ধমানে গা ঢাকা দিয়েছিল অভিযুক্ত রতন শেখ। পুলিশ ধরতে গেলে ফের গুলি চালানোর চেষ্টা করে সে। তখনই পুলিশ তাকে লক্ষ্য করে পালটা গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ অবস্থাতেই তার মৃত্যু হয় বলে সূত্রের খবর। তবে পুলিশের তরফে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



