নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেহালার পর্ণশ্রীতে নকল সোনা বন্ধক রেখে প্রতারণার কারবারে অভিযুক্ত মহেন্দার সিংয়ের মৃত্যু হয় গণপিটুনিতে। তার জামাই দীপক সিং গণপিটুনিতে গুরুতর জখম হয়। তার জন্য পুলিস ইতিমধ্যে অভিযুক্ত একাধিক জুয়েলারি দোকানদারকে গ্রেপ্তার করেছে। এবার মৃত মহেন্দার সিং এবং তার জামাই দীপক সিংয়ের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু হল। হেফাজতে থাকা গয়না ব্যবসায়ী চন্দন ঘোষের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে পর্ণশ্রী থানা। দীপক সুস্থ হলে এই মামলায় তাকে হেফাজতে নেওয়া হবে।
পর্ণশ্রী এলাকায় শনিবার রাত ২.৩০টা নাগাদ গণপিটুনি দেওয়া হয় মহেন্দার সিং ও দীপক সিংকে। কোনও রকমে পালিয়ে বাঁচে জামাই দীপক। রাতে টহলরত পুলিস রাস্তা থেকে প্রথমে জখম অবস্থায় দীপককে উদ্ধার করে। হাসপাতালে শুয়েই দীপক পুলিসকে জানায়, নকল সোনা বন্ধক রেখে ঋণ নিয়েছিল তারা। বিষয়টি জানতে পেরেই প্রতারিত গয়না ব্যবসায়ীরা একজোট হয়ে তাদের ব্যাপক মারধর করে। এই অভিযোগে পুলিস চন্দন ঘোষ সহ আটজনকে গ্রেপ্তার করে। মূল অভিযুক্ত চন্দনকে জেরা করে পুলিস জানতে পারে, ২০২২ সাল থেকে তার দোকানে আসছে মহেন্দার ও দীপক। তিন বছর ধরে তারা বারবার নকল সোনা বন্ধক রেখে প্রায় ১১ লক্ষ টাকা ঋণ নেয়। ধৃত চন্দন পুলিসের কাছে এই দাবি করার পর তার স্ত্রীকে ডেকে পাঠানো হয়। তিনি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস দীপক ও মহেন্দারের বিরুদ্ধে মামলা রুজু করে।