সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের মাঝে অবস্থিত রাস্তা ও নিকাশি ব্যবস্থা বেহাল। রাস্তা ও নিকাশিনালা সংস্কারের দাবিতে সরব শহরবাসী। তাঁদের অভিযোগ, রায়গঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকা থেকে পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তা ও নিকাশিনালা বেহাল। অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যায়। রাস্তাটি খানাখন্দে ভরে যাওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটছে। চলাচলেও সমস্যা হচ্ছে।
পুরনো জাতীয় সড়ক দিয়ে সাধারণ মানুষের চলাচল বেড়েছে। সেক্ষেত্রে শহরের মানুষ এই রাস্তাটিকে এখন বেশি ব্যবহার করছেন। মৃণাল ভট্টাচার্য নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে রাস্তা ও নিকাশি ব্যবস্থার বেহাল দশা। এতে আমাদের খুব সমস্যা হচ্ছে। এই রাস্তা দিয়ে ছোট, বড় সব ধরনের গাড়ি যাতায়াত করে। বহুদিন ধরে রাস্তার সংস্কার হয়নি বলে দাবি শহরবাসীর। মৃণালের কথায়, বিষয়টি বহুবার ওয়ার্ড কো-অর্ডিনেটরকে জানিয়েছি। কিন্তু কাজ হচ্ছে না। আরএক বাসিন্দা কাবেরী মণ্ডল বলেন, নিকাশিনালাগুলিও ভেঙে রয়েছে। বাড়ির জল ঠিকমতো বের হতে পারছে না। বৃষ্টি হলে জল ঘরে ঢুকে যাচ্ছে। সমস্যাটি স্বীকার করে নিয়েছেন ওয়ার্ডের কো-অর্ডিনেটর রতন মজুমদার। তিনি বলেন, ২০১৩ সালে শেষবারের মতো এই রাস্তা সংস্কার হয়। ২০১৭ সালে বন্যার সময় পুরসভার একাধিক রাস্তায় কাজ হলেও এই রাস্তার কাজ হয়নি। রাস্তাটির দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে।
ওয়ার্ড কো-অর্ডিনেটরের সংযোজন, এই বেহাল নিকাশিনালা দিয়ে ১, ৩, ৪ ও ১০ নম্বর ওয়ার্ডের জল যায়। নিকাশিনালারও সংস্কার প্রয়োজন। এবিষয়ে পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, দ্রুত রাস্তাটি সংস্কার করা হবে। • বেহাল রাস্তা। -নিজস্ব চিত্র