হাতে লেখা লটারি খেলে সর্বস্বান্ত গরিব, টাকা লুটছে চক্রের পাণ্ডারা, গ্রেপ্তার ৪
  • ২৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: হাতে লেখা লটারি চালিয়ে কয়েক কোটি টাকার মালিক হয়ে উঠেছে দক্ষিণ দামোদরের কিংপিনরা। তারা প্রায় পাঁচ বছর ধরে কারবার চালাচ্ছে বলে অভিযোগ। গরিব পরিবারগুলির টাকা হাতিয়ে তাদের অনেকেই বিপুল সম্পত্তির মালিক হয়ে উঠেছে। শক্তিগড় থানার পুলিশ সোমবার চারজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয়রা বলছেন, এটা হিমশৈলের চূড়ামাত্র। তারা অল্প কমিশনের বিনিময়ে শুধু হাতে লিখে সংখ্যা বিক্রি করত। কিন্তু মোটা টাকা লোটে কিংপিনরা। বর্ধমান শহরের পাশাপাশি দক্ষিণ দামোদরের বিভিন্ন এলাকায় অবৈধ এই কারবার চলছে বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা বলছেন, পুলিশ মনে করলে খুব সহজেই কিংপিনদের কাছে পৌঁছে যেতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পুরো প্রক্রিয়া চালানো হয়। কোনো বিক্রেতার মোবাইল চেক করলেই তাদের নম্বর পাওয়া সম্ভব।

Advertisement

বিজেপি নেতা মৃত্যুজ্ঞয় চন্দ্র বলেন, অবৈধ এই লটারিতে বহু মানুষের সর্বনাশ হয়ে গিয়েছে। পরিশ্রমের টাকার অর্ধেক তারা এই কারবারে খরচ করে। নেশায় আসক্ত হয়ে যাওয়ায় প্রতিদিনই তারা হাতে লেখা লটারি খেলে। আশা করি  সব থানার পুলিশ ব্যবস্থা নেবে। শক্তিগড় থানার পুলিশ পারলে বাকিরাও পারবে। সিপিএম নেতা দীপঙ্কর দে বলেন, লুকিয়ে চুরিয়ে নয়, প্রকাশ্যে এই জুয়া চলে। পুলিশ জানতে পারে না, এটা কেউই বিশ্বাস করবে না। আসলে এই অবৈধ কারবারে অনেকেরই মদত রয়েছে। মোটা টাকার লেনদেন হয়। কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, কিংপিনদের পুলিশ কেন গ্রেপ্তার করছে না, তা যথেষ্টই রহস্যজনক। মূলচক্রীদের ধরলেই কারবার বন্ধ হয়ে যাবে। তৃণমূল নেতা দেবু টুডু বলেন, ধনীরা কেউ এই নেশায় আসক্ত নয়। গরীব পরিবারগুলিই টাকা খরচ করে। কে পুরষ্কার পাচ্ছে, তা কেউ জানতে পারে না। 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শক্তিগড়ের চারজনকে গ্রেপ্তার করে আরও অনেকের নাম জানা গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতদের কাছে থেকে ১৩হাজার ১২০ টাকা এবং বেশ কিছু লটারি উদ্ধার হয়েছে। ধৃতরা একটি নামী সংস্থার লটারির টিকিট কাজে লাগাত। ওই লটারিতে যে নম্বর গুলি পুরষ্কারের জন্য বিবেচিত হয় সেই নম্বর ধরে হাতে লেখা লটারির ক্রেতাদের টাকা দেওয়া হয়। ১০ টাকা থেকে ক্রেতারা ২০ হাজার টাকা পর্যন্ত নির্দিষ্ট নম্বরে বিনিয়োগ করতে পারে। ধরা যাক, হাতে লেখা লটারিতে কেউ ৮৮ নম্বরটির জন্য ২০ হাজার টাকা বিনিয়োগ করেছে। ওই ৮৮ নম্বরে নামী সংস্থার টিকিট পুরষ্কারের জন্য বিবেচিত হলে তবেই টাকা পাওয়া যাবে। নম্বর মিলে গেলে পাঁচ থেকে সাত লক্ষ টাকা পাওয়া যায়।
হাতে লেখা লটারির দিকে ক্রেতারা ঝুঁকছে কেন? আধিকারিকদের দাবি, নামী সংস্থার লটারিতে একটি নম্বরে পুরষ্কার পাওয়া যায়। কিন্তু হাতে লেখা লটারিতে একই নম্বরে অনেকেই পুরষ্কার পেতে পারে।