সংবাদদাতা, বালুরঘাট: বর্ষার মরশুম পেরিয়ে গেলেও বালুরঘাট শহরে বেহাল নিকাশি ব্যবস্থার ছবি বদলায়নি। বিভিন্ন এলাকায় ড্রেনের জল উপচে রাস্তায় জমে থাকার অভিযোগ উঠছে। কোথাও আবার অল্প বৃষ্টিতেই জল জমে দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে বাসিন্দাদের। ড্রেনের নোংরা জল পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে পথচারীদের। এই পরিস্থিতিতে পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ বাড়ছে শহরবাসীর মধ্যে। বৃহস্পতিবার এই সমস্যার প্রতিবাদে পথে নামলেন বালুরঘাট পুরসভার ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। যুবশ্রী মোড়ে ব্যস্ততম রাস্তা অবরোধ করে তাঁরা বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ অবরোধ চলায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুরসভা ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে দেন বাসিন্দারা।
বিক্ষোভকারীদের অভিযোগ, এখন বর্ষাকাল নয়। তা সত্ত্বেও শহরের নেপালি পাড়া ও যুবশ্রী মোড়ে এলাকায় ড্রেনের জল রাস্তায় উঠে আসছে। ফলে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে। এই সমস্যা নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে এদিন তাঁরা একত্রিত হয়ে প্রতিবাদে শামিল হয়েছেন। তাঁদের দাবি, দ্রুত নিকাশি ব্যবস্থার সংস্কার করে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। শুধু ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নয়, বালুরঘাট শহরের একাধিক ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা নিয়ে একই ধরনের অভিযোগ রয়েছে। শহরের সুকান্ত কলোনি, পদ্মপুকুর, মিলন সংঘ সহ বিভিন্ন এলাকায় ড্রেনের জল রাস্তায় উঠে আসা ও অল্প বৃষ্টিতে জল জমে যাওয়ার সমস্যা রয়েছে। ফলে শহরের নিকাশি ব্যবস্থার সামগ্রিক সংস্কারের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ভজনকুমার সাহা বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই নরক যন্ত্রণা সহ্য করছি। বালুরঘাট পুরসভাকে বারবার বলার পর তাঁরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন পুজোর আগে এই সমস্যার সমাধান হবে। কিন্তু পুজো পার হয়ে গেলেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আগামী সাত দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় তাহলে আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।
পুরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন, বিষয়টা খুব হাস্যকর। যাঁরা এই পথ অবরোধের নেতৃত্ব দিয়েছেন তাঁদের নামগুলি আমি শুনলাম। তাঁরা আমার কাছে ডেপুটেশন দিতে এসেছিলেন। তাঁরা খুব ভালো মতো জানেন যে, ওই রাস্তা ও ড্রেনের কাজের জন্য ৬৭ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। টেন্ডারও হয়ে গিয়েছে। ভাইফোঁটার পর কাজ শুরু হবে। আসলে সামনে পুরসভা ভোট। তাই এভাবে পথ অবরোধ করা হয়েছে।
আরএসপি নেতা প্রলয় ঘোষের দাবি, তৃণমূলের পুর বোর্ড এতদিন ধরে কোনো কাজ করেনি। তাই নিজেদের ব্যর্থতা ঢাকতে সাধারণ মানুষের আন্দোলনকে রাজনৈতিক আন্দোলন বলে আখ্যায়িত করতে চাইছেন।
বিজেপির টাউন মন্ডল সভাপতি সমীরপ্রসাদ দত্তের দাবি, মানুষ সত্যিকারের সমস্যায় পড়েছে। এতদিন কাজ হয়নি। তবে তাড়াতাড়ি যাতে কাজটি হয়ে যায় সেই দিকটি আমরা দেখছি।



