


লন্ডন: পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ডে পা রেখেছে ভারতীয় দল। গৌতম গম্ভীর, শুভমান গিলদের পৌঁছনোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছে বিসিসিআই। আগামী ২০ জুন লিডসে শুরু প্রথম টেস্ট। তার আগে ক্রিকেটারদের প্রস্তুত করাই বড় চ্যালেঞ্জ গুরু গম্ভীরের। সম্ভবত রবিবার থেকেই দল নিয়ে প্র্যাকটিসে নেমে পড়বেন তিনি। অর্শদীপ সিং, সাই সুদর্শনদের কাছে এটাই প্রথম ইংল্যান্ড সফর। আইপিএলে দুরন্ত ফর্মে থাকা সুদর্শন বোথাম-বয়কটের দেশে পা রেখে বলেন, ‘জাতীয় টেস্ট দলে জায়গা পেয়ে অভিভূত। সুযোগের সদ্ব্যবহারে জান লড়িয়ে দেব।’
বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন অবসর নিয়েছেন। ভারতীয় টিম এখন পুরোপুরি তারুণ্য নির্ভর। অভিজ্ঞ বলতে লোকেশ রাহুল ও যশপ্রীত বুমরাহ। তাই নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে প্রস্তুতি ম্যাচে জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। লোকেশ, করুণ নায়ার, ধ্রুব জুরেল, আকাশ দীপরা ভারতীয় এ দলের হয়ে ম্যাচ খেলছেন। সদ্য পৌঁছনো গিল, সুদর্শন, পন্থরাও সেই সুযোগ পাবেন। ১৩ জুন ভারতীয় এ দলের বিরুদ্ধে গা ঘামানো ম্যাচ খেলবেন তাঁরা। গম্ভীরের তত্ত্বাবধানে তার আগে অন্তত দিন পাঁচেক চলবে পুরোদমে অনুশীলন। জেট ল্যাগের পরোয়া না করে ঋষভ পন্থ যেভাবে জিমে দৌড়লেন, তাতেই স্পষ্ট দলের মরিয়া মনোভাব।
নতুন অধিনায়ক শুভমান গিলের কাছেও অ্যাসিড টেস্ট। ভারতের তরুণ নেতাকে নিয়ে আশাবাদী রিকি পন্টিং। অস্ট্রেলিয়ান কিংবদন্তির কথায়, ‘গিলকে নেতৃত্বভার দেওয়াটা সঠিক সিদ্ধান্ত। জানি, অনেক বিশেষজ্ঞ বুমরাহকে অধিনায়ক করার জন্য সওয়াল করছিল। কিন্তু ও খুবই চোটপ্রবণ। কোনও বোর্ডই চাইবে না, অধিনায়ক গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করুক। সে কারণেই তরুণ গিলকে বেছে নিয়েছে ভারতের নির্বাচকরা। তবে এক্ষেত্রে আমার একটাই পরামর্শ, মাত্র কয়েকটা সিরিজের ফল দেখে ক্যাপ্টেনের উপর যেন আস্থা না হারায়। সবকিছু গুছিয়ে ওঠার জন্য গিলকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত।’
পাশাপাশি পন্টিং মনে করছেন, আসন্ন সিরিজে কোহলি, রোহিতের অভাব অনুভূত হবে। তাঁর কথায়, ‘ওদের মানের ক্রিকেটারের অভাব পূরণ করা সহজ নয়। তবে ভারতে প্রতিভার অভাব নেই। আইপিএলের সুবাদে যশস্বী জয়সওয়ালের মতো একাধিক তরুণের উত্থান দেখেছি। তাই স্কিলের অভাব হবে না। কিন্তু পরিবর্তনের বর্তমান আবহে অভিজ্ঞতা বড় ফ্যাক্টর হতে পারে।’ সামি না থাকায় পেস আক্রমণে বুমরাহর প্রধান সঙ্গী হতে পারেন অর্শদীপ সিং। কোচ পন্টিংয়ের অধীনে পাঞ্জাব কিংসে আলো ছড়িয়েছেন এই বাঁহাতি পেসার। তাঁর প্রশংসা করেন প্রাক্তন অজি অধিনায়ক।