সংবাদদাতা, উলুবেড়িয়া: কথায় বলে, চোরা না শোনে ধর্মের কাহিনি। সেটাই হয়েছে উলুবেড়িয়ায়। গঙ্গাদূষণ রোধে প্রশাসন একাধিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে। কিন্তু এই উদ্যোগে কার্যত জল ঢেলে দিচ্ছে কয়েকটি কারখানার মালিক। ফলে কারখানার দূষিত জল নিয়মিত মিশছে গঙ্গায়। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস। তার আগে এর বিরুদ্ধে আরও একবার সরব হলেন পরিবেশকর্মীরা। মুখ খুলেছে সাধারণ মানুষও। অবিলম্বে কারখানার দূষিত জল গঙ্গায় মেশা বন্ধ করতে হবে বলে দাবি তুলেছে সবাই।
কারখানার দূষিত নোংরা জল গঙ্গায় মেশা আটকাতে আরও গলা চড়াল পরিবেশকর্মী ও সাধারণ মানুষ। তাদের বক্তব্য, মাসের প্রথমদিনগুলি বিভিন্ন কারখানা থেকে কালো রঙের দূর্গন্ধযুক্ত দূষিত জল মেদিনীপুর ক্যানেল দিয়ে বয়ে গিয়ে গঙ্গায় মেশে। ফলে গঙ্গা ভয়ানক দূষিত হচ্ছে। জলের পচা দূর্গন্ধে পরিবেশ দূষণ বাড়ছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তোলার দাবি তোলেন সবাই। উলুবেড়িয়ার মহকুমাশাসক মানসকুমার মণ্ডল জানান, বিষয়টি নজরে এসেছে। যে কারখানাগুলি থেকে নোংরা জল গঙ্গায় মিশছে সেগুলি চিহ্নিত করার কাজ চলছে। কোনমতেই গঙ্গাদূষণ করতে দেওয়া যাবে না।
এর পাশাপাশি পরিবেশ দিবসের আগের দিন বুধবার উলুবেড়িয়া এক নম্বর ব্লক প্রশাসন হীরাপুরে নদীর ধারে পথনাটিকার মাধ্যমে গঙ্গাদূষণ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করে। বিডিও এইচ এম রিয়াজুল হক জানান, শুধু পরিবেশ দিবসকে সামনে রেখে নয় আমরা প্রতিনিয়িত গঙ্গাদূষণ রোধে মানুষকে সচেতন করছি। এর পাশাপাশি ‘প্লাস্টিক দূষণের অবসান’-বার্তাকে সামনে রেখে এদিন বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয় একাধিক কর্মসূচি নিয়েছিল। ‘প্লাস্টিক মুক্ত পৃথিবী’ নামে একটি দল ও বিদ্যালয়ের শিশু সংসদের সদস্যরা এবং পড়ুয়ারা প্লাস্টিক ব্যবহার বন্ধের বার্তা দিতে পদযাত্রা করে। নিজস্ব চিত্র