নিজস্ব প্রতিনিধি, তমলুক: পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক সংঘর্ষে নিহত ব্যক্তিদের পরিবারের একজনের সরকারি চাকরির আবেদন নেওয়া শুরু হল। জেলাশাসক অফিসে সিনিয়র ডিসির(ডেপুটি কালেক্টর) চেম্বারে এনিয়ে আবেদন জমা নেওয়া হচ্ছে। ১৭নভেম্বর মঙ্গলবার থেকে এনিয়ে আবেদন সংগ্রহ শুরু হয়েছে। চলবে আগামী ৭ডিসেম্বর পর্যন্ত। বুধবার এনিয়ে সাংবাদিক বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার। তিনি বলেন, ২০০১ সালে ১জানুয়ারি থেকে এপর্যন্ত রাজনৈতিক খুন হওয়া পরিবারের নির্ভরশীল ব্যক্তিকে সরকারি গ্রুপ ডি চাকরি দেওয়া হবে। এজন্য কিছু যোগ্যতামান রাখা হয়েছে। ডিস্ট্রিক্ট লেভেল কমিটি ওইসব আবেদন যাচাই করে নেওয়ার পর আমরা স্টেট লেভেল স্টিয়ারিং কমিটির কাছে নামের তালিকা পাঠিয়ে দেব।
জানা গিয়েছে, নিহতের স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে এবং অবিবাহিত নিহতের ক্ষেত্রে ভাই কিংবা বোন এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ। বয়সসীমা ১৮বছর থেকে ৪৫বছর হতে হবে। সংরক্ষিত কোটার আবেদনকারীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। প্রার্থীকে এরাজ্যের নাগরিক হতে হবে। এক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। যেমন, পারিবারিক মাসিক আয় ৫০হাজার টাকা ঊর্ধ্বে হলে আবেদন গ্রাহ্য হবে না। ইনকাম সার্টিফিকেট ইস্যু করবেন মহকুমা শাসক এবং বিডিও। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি কিংবা আয়করদাতা হলে আবেদন বাতিল হবে। এধরনের প্রত্যেক পরিবার থেকে একজনই চাকরির আবেদন করতে পারবেন।
জানা গিয়েছে, ফর্ম-এ সংগ্রহ করে আবেদন করতে হবে। তারসঙ্গে এফআইআর কপি, চার্জশিট কপি, কোর্টে চার্জগঠন হওয়া সংক্রান্ত নথি জমা দিতে হবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিংবা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে এফিডেভিট করাতে হবে। সেখানে মৃত্যুর বিবরণ, মৃতের সঙ্গে আবেদনকারীর সম্পর্ক এবং পরিবারের অন্যান্যদের এনওসি উল্লেখ থাকতে হবে। যদিও চাকরি পাওয়ার পর পরিবারের অন্য সদস্যদের দেখভাল না করেন সেক্ষেত্রে চাকরি বাতিল হতে পারে বলেও এফিডেভিটে উল্লেখ থাকবে। জেলাশাসক অফিসে আবেদন আসার পর পুলিশের মাধ্যমে তা ভেরিফাই করা হবে। পুলিশ ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর ডিস্ট্রিক্ট লেভেল কমিটি এনিয়ে মিটিং করবে। সেই কমিটির চেয়ারপার্সন হয়েছেন জেলাশাসক। এছাড়া পুলিশ সুপার, পাবলিক প্রসিকিউটর, সিনিয়র ডিসি প্রমুখ আছেন। আবেদন খারিজ হয়ে গেলে সেক্ষেত্রে ৩০দিনের মধ্যে ফর্ম-বি পূরণ করে স্টেট লেভেল স্টিয়ারিং কমিটিতে আবেদন করতে হবে। বুধবার জেলাশাসক এনিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করেন। সেই মিটিংয়ে বিধায়ক, পুলিশ ও প্রশাসনের অফিসাররা উপস্থিত ছিলেন। জেলাশাসক বলেন, আবেদনের সময়সীমা কম আছে। এদিন সাংবাদিক বৈঠকে জেলাশাসক বলেন, বিজ্ঞপ্তি জারি হওয়ার পর হাতে সময় কম। ১৭নভেম্বর প্রথম দিন আমরা একটা আবেদন পেয়েছি। এই জেলায় ২০০১সালের পর রাজনৈতিক খুনের ঘটনায় পরিবারের সদস্যদের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে অনুরোধ করা হচ্ছে। এই জেলায় রাজনৈতিক সংঘর্ষে হতাহতের ঘটনা বেশি খেজুরি ও নন্দীগ্রামে। এছাড়াও পাঁশকুড়া, মারিশদা, ময়না সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক খুনোখুনি হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের সময়কালে দলীয় কর্মীদের খুনের ঘটনায় অনেকেই হোমগার্ডে চাকরি পেয়েছেন। আবার, না পাওয়ার তালিকাও দীর্ঘ। গত ২৫বছরে রাজনৈতিক হানাহানির শিকার প্রত্যেকের পরিবারের একজনের চাকরি নিশ্চিত করছে রাজ্য।



