চলছে রাজনৈতিক কর্মসূচি, তপসিয়ায় অসম্পূর্ণ তৃণমূল ভবন ‘সিল’ পুলিশের
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তপসিয়ায় নির্মীয়মান তৃণমূল ভবন ‘সিল’ করে দিল প্রশাসন। আপাতত ওই ভবনে মমতা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না। নির্মাণের কাজ পুরো শেষ হওয়ার পর পুরসভার তরফে শংসাপত্র (কমপ্লিশন সার্টিফিকেট) এলে, তারপর ওই ভবন থেকে রাজনৈতিক কার্যকলাপ শুরু করা যাবে বলে জানানো হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত দফাই দফায় রাজনৈতিক খবরের শিরোনামে এসেছে কলকাতার তপসিয়ার নির্মীয়মান তৃণমূল ভবন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তপসিয়ার এই ভবনটি দলের রাজ্য সদর দপ্তর হিসেবে পরিচিত ছিল। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে জয়ের পর এই ভবনটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরনো ভবনটিকে পুরো ভেঙে ফেলে নতুন ভবনের কাজ শুরু হয়। নতুন অফিসের বিল্ডিং তৈরির কাজ চলছে বেশ কয়েক বছর ধরে। বিল্ডিংয়ের কাঠামো তৈরি হয়ে গেলেও, কাজ এখনও শেষ হয়নি। বিল্ডিংয়ের নীচের অংশের খানিকটা কাজ হয়ে গিয়েছে। তাই সেখানে গত কয়েকদিন ধরে রাজনৈতিক কর্মসূচি শুরু হয়েছে।
তৃণমূল নেতৃত্বের অভিযোগ, শুক্রবার রাতে পুলিশ এসে তপসিয়ার এই  ভবনের সামনে ব্যারিকেড করে দেয়। নির্দেশ দেয়, এই ভবনে এখন প্রবেশ করা যাবে না। যা নিয়ে পুলিশের সঙ্গে কুণাল ঘোষ সহ তৃণমূল নেতৃত্বের একপ্রকার বাগযুদ্ধ হয়। শনিবার সকালেও পুলিশের পক্ষ থেকে ব্যারিকেডের পরিধি আরো বাড়ানো হয়। এমনকি কলকাতা পুরসভার কর্মীরা এসেও ভবনে নোটিস দিয়ে যান। প্রশাসনের মূল বক্তব্য, যেহেতু ভবনটি এখন তৈরি হয়নি, তাই নির্মীয়মান বিল্ডিং থেকে কার্যকলাপ করা যাবে না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত তিন বছর ধরে সুনিদৃষ্ট এবং যথোপযুক্ত পরিকল্পনার ভিত্তিতেই তৃণমূল ভবনের সংস্কারের কাজ চলছে। কিন্তু আজ হঠাৎ করে পুরসভা থেকে এসে নোটিস ধরিয়েছে। সামান্যতম এদিক-ওদিক হলে ওরা যা ইচ্ছা করে ফেলবে, এমন ওদের মনোভাব। কিন্তু ওই ভবন আমাদের। তাই আমি দলের কর্মীদের বলেছি, ওই বিল্ডিংয়ে আপাতত কোন বৈঠক না করতে। যাবতীয় কিছু কালীঘাটে আমার বাড়িতে করতে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মমতা তৃণমূলকে এত ভয় পাচ্ছে বিজেপি যে আমাদের ভবন সিল করে দিতে হচ্ছে। বিজেপির এত ভয় কিসের?
মমতা তৃণমূল কংগ্রেস নেতারা বলছেন, শুক্রবার বিরোধী দলনেতার পদ হারিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। যা বিজেপি এবং ঋতব্রতরদের কাছে বড় ধাক্কা, তারপরেই প্রশাসন অতি সক্রিয়তা দেখিয়ে তৃণমূল ভবনে ব্যারিকেড করে দিয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে হচ্ছে। এনিয়ে লালবাজারের শীর্ষকর্তাদের কাছে প্রতিক্রিয়া চাওয়া হলেও, কারও তরফেই কোনো জবাব মেলেনি।

Advertisement