নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: স্মার্টসিটি নিউটাউনে সাপের দেখা পাওয়া নতুন নয়! আগাছা ভরা রাস্তা, আবাসনের পাঁচিল, এমনকি শপিং মলের সামনেও সাপ বার হওয়ার উদাহরণ রয়েছে। সাপের কামড়ে মৃত্যুও হয়েছে। ছোবল খেয়েছেন অনেকে। এবার মাটি থেকে বহু উঁচু ফ্লাইওভারের উপরও দেখা মিলল সাপের! ৬-৭ ফুট লম্বা সাপ দেখে আতঙ্কও ছড়ায়। তবে ব্যস্ত ফ্লাইওভার থেকে সেই সাপকে দ্রুত উদ্ধার করেছে কর্তব্যরত ট্রাফিক পুলিশই। ‘স্নেক ক্যাচার’ ছাড়াই লাঠি ও হাত দিয়ে এক সাব-ইনসপেক্টর সাপটি ধরেন। তারপর নীচে এনে ছেড়ে দেন। দূর থেকে বিষধর মনে হলেও আসলে সাপটি ছিল নির্বিষ দাঁড়াশ। ট্রাফিক নিয়ন্ত্রণ, চোর ধরা বা আইন-শৃঙ্খলা সামলাতে পুলিশকে অনেকেই দেখেছেন। কিন্তু সাপ ধরা? অনেকে এই দৃশ্য দেখে অবাকও হয়ে যান। তবে নিউটাউন ট্রাফিক পুলিশের এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন প্রত্যেকেই।
শুক্রবারের দুপুর। সিটি স্কোয়ারের সামনে নিউটাউন ফ্লাইওভার। কিছুটা এগলেই নিউটাউন গেট। সেখানে গাড়িচালকরা লক্ষ্য করেন, একটি বড়ো সাপ ঘোরাফেরা করছে। চার চাকায় যাঁরা যাচ্ছেন, তাঁদের ছোবল খাওয়ার ভয় না থাকলেও বাইক চালকদের তখন প্রাণ যাই যাই অবস্থা। সাপ তো লাফ দিচ্ছে একদিক ওদিক! এই বুঝি এসে পড়ল গায়ের উপর! ফলত ফ্লাইওভারের উপর গাড়ির গতি শ্লথ হয়ে যায়। খবর পৌঁছাতেই কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীরা বাইকে করে ফ্লাইওভারের উপরে ওঠেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাব-ইনস্পেক্টর তারিক আলম লক্ষ্য করেন, সাপটি আকারে বড়ো হলেও নির্বিষ। তারপরই লাঠি দিয়ে সাপটিকে তিনি ধরে ফেলেন। নীচে আবার ছেড়েও দেন। পুলিশের অনুমান, রাস্তা পেরতে গিয়েই কোনোভাবে ফ্লাইওভারে উঠে গিয়েছিল সাপটি। তবে সঠিক সময়ে উদ্ধার না হলে সাপটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যেত।



