Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে নিখোঁজ ঝালদার পুলিশকর্মী, ২ মাস পরেও খোঁজ না মেলায় ক্ষোভ

খোদ পুলিশ লাইনে কর্মরত এক পুলিশকর্মী গত দু’মাস ধরে নিখোঁজ। তাঁর কোনো হদিশ পায়নি পরিবার। নিখোঁজ পুলিশকর্মী তপন মাছোয়ার ঝালদা থানার কড়াডি গ্রামের বাসিন্দা।

ঝাড়গ্রাম পুলিশ লাইন থেকে নিখোঁজ ঝালদার পুলিশকর্মী, ২ মাস পরেও খোঁজ না মেলায় ক্ষোভ
  • ৫ মার্চ, ২০২৬ ১৪:০৩
Prefer us on Google

সংবাদদাতা, ঝালদা: খোদ পুলিশ লাইনে কর্মরত এক পুলিশকর্মী গত দু’মাস ধরে নিখোঁজ। তাঁর কোনো হদিশ পায়নি পরিবার। নিখোঁজ পুলিশকর্মী তপন মাছোয়ার ঝালদা থানার কড়াডি গ্রামের বাসিন্দা। গত ৭ জানুয়ারি ঝাড়গ্রাম পুলিশ লাইনে কনস্টেবল পদে যোগ দিতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর প্রায় দু’মাস অতিক্রান্ত হলেও তাঁর কোনো হদিশ না পাওয়ায় ক্ষোভে ফুঁসছে পরিবার। মঙ্গলবার ওই পুলিশকর্মীর বাড়িতে গিয়ে প্রশাসনের ব্যর্থতা নিয়ে সরব হন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত। 

Advertisement

তপনবাবুর স্ত্রী মেনকা মাছোয়ারের ঝাড়গ্রাম থানায় দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যাচ্ছে, গত ৭ জানুয়ারি বাড়ি থেকে ঝাড়গ্রাম পুলিশ লাইনের উদ্দেশে ডিউটি করতে রওনা দেন তপনবাবু। বাড়ি থেকে যাওয়ার সময় তাঁর সঙ্গে কোনো মোবাইল ছিল না। ১০ জানুয়ারি তিনি পুলিশ লাইনে ডিউটিতে যোগ দিয়েছিলেন। অভিযোগকারিণীর দাবি, আর্থিক অনটনের কারণে তিনি ৩০জানুয়ারি ঝাড়গ্রাম পুলিশ লাইনে খোঁজ নিয়ে জানতে পারেন, ১০ তারিখ ডিউটিতে জয়েন করার পর থেকেই তাঁর স্বামীর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিন সন্তানকে নিয়ে দিশেহারা মেনকাদেবী কান্নায় ভেঙে পড়ে জানান, পুলিশ লাইনে খোঁজ নিতে গেলে বলা হয়েছিল স্বামী বাড়ি চলে এসেছে। কিন্তু, ও তো বাড়ি ফেরেনি। পুলিশ শুধু আশ্বাস দিচ্ছে। কিন্তু, কোনো কাজ হচ্ছে না। আমরা এখন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।
মঙ্গলবার নিখোঁজ পুলিশকর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যান পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত ও জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাত। সাংসদ কড়া ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন, যে রাজ্যে খোদ পুলিশকর্মী সুরক্ষিত নন এবং থানার নাকের ডগা থেকে নিখোঁজ হয়ে যান, সেখানে সাধারণ মানুষ কতটা নিরাপদ? তিনি দ্রুত ঝাড়গ্রাম পুলিশ সুপারের সঙ্গে কথা বলে রহস্যের কিনারা করার দাবি জানান, অন্যথায় এসপি অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন। 
জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শান্তিরাম মাহাত বলেন, পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। দল ও প্রশাসন ওই পরিবারের পাশে আছে। তিনি কোথায় নিখোঁজ হলেন, তা দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ