নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতি ঠিক আছে। মাথায় হেলমেটও আছে। তবুও বাইপাসের উপর পুলিস আটকাল বাইকচালককে। চালক ভ্যাবাচ্যাকা খেয়ে দাঁড়িয়ে গেলেন। তখন পুলিস জানাল, চালকের হেলমেটের স্ট্র্যাপটি নেই। হেলমেটটি ‘নন স্ট্যান্ডার্ড’ মাপকাঠির। এরপর নাটকীয় পদক্ষেপ কর্তব্যরত পুলিসের। চালকের মাথা থেকে হেলমেটটি খুলে নিলেন। নিয়ে দিলেন হাতুড়ির এক ঘা। ভেঙে টুকরো হয়ে গেল হেলমেট। চালক থতমত। তখন কলকাতা পুলিস তাঁর হাতে তুলে দিলেন ঝাঁ চকচকে একটি ‘স্ট্যান্ডার্ড’ মাপকাঠির হেলমেট। এবং চালককে বললেন, ‘এই ভুল আর করবেন না।’ নয়া শিরোস্ত্রাণটির জন্য কোনও মূল্য গুনতে হয়নি বাইক চালককে।
শুক্রবার বিকেলে পাটুলি বাইপাস মোড়ে এমন দৃশ্য দেখা গিয়েছে। আইএসআই ছাপ মারা হেলমেট না পরলেই পুলিস ধরেছে। ট্রাফিক পুলিসের অ্যাসিসট্যান্ট কমিশনার সঞ্জয় সাহার উপস্থিতিতে গড়িয়া ট্রাফিক গার্ডের ওসি শেখ নাজমুল হোসেন চালকদের বলেন, ‘এগুলো পরে গাড়ি চালানোর অনুমতি নেই। নারকোলও এর থেকে শক্ত। এই হেলমেট পরার কোনও মানে নেই। আপনাকে ওয়ার্নিং হিসেবে নতুন হেলমেট দেওয়া হল।’ রোড সেফটি সপ্তাহে এমন এক উদ্যোগ নিয়েছে গড়িয়া ট্রাফিক গার্ড। চালকরা আচমকা পুলিসের কর্মকাণ্ড দেখে থতমত। কিন্তু তারপর হাতে নতুন হেলমেট পেয়ে বেশ খুশি। এর পাশাপাশি এদিন সকালে নাকতলার খানপুর উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া ও অভিভাবকদের ট্রাফিক সংক্রান্ত একটি সচেতনতা শিবিরের আয়োজন হয়েছিল। কয়েক মাস আগে এই স্কুলের নবম শ্রেণির এক পড়ুয়া দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল। সেই স্কুলেই দেওয়া হল ট্রাফিক সচেতনতার প্রাথমিক পাঠ। নিজস্ব চিত্র