Bartaman Logo
২৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাতালে লুকিয়ে থাকলেও দলীয় কর্মীর খুনিদের গ্রেপ্তার করবে পুলিশ: শুভেন্দু

বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে’র খুনিদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিস্তারিত পড়ুন।

পাতালে লুকিয়ে থাকলেও দলীয় কর্মীর খুনিদের গ্রেপ্তার করবে পুলিশ: শুভেন্দু
  • ২৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: পাতালের নীচে থাকলেও, বাগনানের দলীয় কর্মী প্রশান্ত দে’র খুনিদের খুঁজে বের করে গ্রেপ্তার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুন হওয়া ওই দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে শনিবার বিকালে বাগনানের বাঁটুল গ্রামের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। সেখানে পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা সেরে বাগনান থানায় যান মুখ্যমন্ত্রী। সেখানেই সাংবাদিকদের তিনি বলেন, ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর হয়েছে। এখনও পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছে। আমি পুলিশ ও সিআইডিকে নির্দেশ দিয়েছি, বাকি ৪১ জন যদি পাতালের নীচেও থাকে, তাহলেও তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে হবে। প্রসঙ্গত, গত ১৫ জুন রাতে একটি নেমতন্ন সেরে বাড়ি ফেরার পথে বাগনানের পাইকপাড়ি গ্রামে আক্রান্ত হন প্রশান্ত সহ চার বিজেপি কর্মী। বাঁশ ও ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁদের। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে প্রশান্তবাবুকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত বাকি তিন বিজেপি সমর্থক এখনও এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এই খুনের ঘটনায় অভিযোগের তির তৃণমূলের এক পঞ্চায়েত কর্তা এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। 

Advertisement

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ঘটনার পরেই নিহত বিজেপি কর্মীর পরিবারের হাতে চার লক্ষ টাকা দেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও পাঁচ লক্ষ টাকা দিলাম। প্রশান্তবাবুর বড় মেয়েকে নিয়ম মেনে বিডিও অফিসে অস্থায়ী চাকরি দেওয়া হয়েছে। ওঁনার বৃদ্ধ বাবা-মা যাতে বাধ্যর্ক ভাতা পান, সেটাও দেখতে বলা হয়েছে। তিনি বলেন, আমি পরিবারকে বলে এসেছি এফআইআর’এ যাদের নাম আছে সিআইডি তাদের প্রত্যেককে গ্রেপ্তার করবে। শুভেন্দূ বলেন, হেপাজতে থাকাকালীন চার্জশিট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এইরকম অনেক ঘটনাতে মানুষ বিচার পাইনি বলেই নির্বাচনে গণঅভ্যুত্থান হয়েছে। ২০২১ সালের ভোট পরবর্তী হিংসার ঘটনায় এই এলাকায় প্রচুর আভিযোগ আছে। বাইনানে একজন মূক ও বধির মহিলাকে ধর্ষণ করা হয়েছে। সেই মামলা সিবিআই নিয়েছে। এইসব ঘটনায় শাস্তি হয়নি বলেই খুনি, গুন্ডা, অত্যাচারীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এ সব এখন বন্ধ। মুখ্যমন্ত্রী বলেন, জেলাশাসককে বলেছি, বেআইনিভাবে জমি দখল, বেআইনি নির্মাণ খুঁজতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন করতে জেলাশাসককে বলা হয়েছে। বাগনানের ঘটনায় দৃষ্টান্তমূলক অ্যাকশন নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কোনো অত্যাচারী কোনো নিরীহ প্রাণ কেড়ে নিতে না পারে। শান্তিপূর্ণভাবে মহরম পালনের জন্য মহরম কমিটি এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এদের (সংখ্যালঘু) আইনের শাসনে আনার দায়িত্ব আমাদের। এতদিন বলা হত, যা খুশি করবে, কেউ কিছু করবেনা। এখন সরকারের পক্ষ থেকে পুলিশ বলছে, যা কিছ করবেন, আইন মেনে করবেন। সবাই এখন আইন মেনে চলছেন। সবাই আইন মেনে চললে, কোনো সমস্যা নেই। 
খুন হওয়া বিজেপি কর্মীর স্ত্রী সোমাদেবী বলেন,  প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন। আমরা ওঁনার কাছে কৃতজ্ঞ। উনি বড় মেয়েকে চাকরির ব্যাবস্থা করে দিয়েছেন। ছোট মেয়েকে পড়াশুনা চালিয়ে যেতে বলেছেন। দোষীদের ফাঁসির দাবি জানিয়েছি মুখ্যমন্ত্রীর কাছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ