Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াচক চৌরঙ্গীতে সড়কে বেআইনি পার্কিং, গাড়ি তুলে নিয়ে যাচ্ছে পুলিশ

দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ, প্রশাসন।

কালিয়াচক চৌরঙ্গীতে সড়কে বেআইনি পার্কিং, গাড়ি তুলে নিয়ে যাচ্ছে পুলিশ
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াচক: দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে কড়া পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ, প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই কালিয়াচক চৌরঙ্গী এলাকায় জাতীয় সড়কে বেআইনি পার্কিং এবং টোটো দাঁড় করানোর বিরুদ্ধে বিশেষ অভিযান হয়। কেস দেওয়ার পাশাপাশি একাধিক গাড়িকে ক্রেনের সাহায্যে তুলে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পথযাত্রী থেকে ব্যবসায়ীরা।

Advertisement

দীর্ঘদিন ধরেই চৌরঙ্গীতে টোটোর অবাধ বিচরণ। রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রাখা এবং জাতীয় সড়কে পার্কিংয়ের কারণে যানজট হত। বিশেষ করে স্কুল-কলেজ এবং বাজারের ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছিল। স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছিল সাধারণ মানুষের মধ্যে।
কয়েকদিন আগে প্রশাসনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, রাস্তায়  পার্কিং কিংবা নির্দিষ্ট স্থান ছাড়া টোটো দাঁড় করালে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই সতর্কবার্তার পরও অনেকে বিষয়টিকে গুরুত্ব দেননি। এরপর মঙ্গলবার সকাল থেকে পুলিশ ও ট্রাফিক বিভাগের যৌথ উদ্যোগে শুরু হয় অভিযান। স্থানীয় বাসিন্দা রাকিব শেখ বলেন, চৌরঙ্গীতে প্রতিদিন এমন যানজট হচ্ছিল, রাস্তা পার হওয়াই দায়। পুলিশ যেভাবে ব্যবস্থা নিয়েছে, আরও আগে হওয়া উচিত ছিল।
নিত্যযাত্রী তথা স্কুল শিক্ষক সামিউল রহমান বলেন, স্কুলে যেতে প্রতিদিন দেরি হয়ে যেত। রাস্তার উপর গাড়ি পার্কিং আর টোটোর ভিড়ের কারণে সাধারণ মানুষকে চরম সমস্যায় পড়তে হচ্ছিল। প্রশাসনের এই উদ্যোগে পরিস্থিতির উন্নতি হবে। অভিযানে উপস্থিত এক পুলিশ আধিকারিক জানান, আগেই সতর্ক করা হয়েছিল। তারপরও যাঁরা নিয়ম মানছেন না, আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জাতীয় সড়কে বেআইনি পার্কিং বরদাস্ত করা হবে না। এই ধরনের অভিযান চলবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ