Bartaman Logo
১ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

পুজোর বাজারে চুরি, ছিনতাই রুখতে শহরজুড়ে বাড়তি নজর পুলিশের

শহর ও আশপাশের এলাকাগুলিতে চুরি, ছিনতাই নতুন কোনো ঘটনা নয়। এবারে পুজোর মরশুম শুরুর আগেই বাড়তি সতর্ক তুফানগঞ্জ থানার পুলিশ

পুজোর বাজারে চুরি, ছিনতাই রুখতে শহরজুড়ে বাড়তি নজর পুলিশের
  • ১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: শহর ও আশপাশের এলাকাগুলিতে চুরি, ছিনতাই নতুন কোনো ঘটনা নয়। এবারে পুজোর মরশুম শুরুর আগেই বাড়তি সতর্ক তুফানগঞ্জ থানার পুলিশ। শহর ও সংলগ্ন বাজারগুলিতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমে পড়েছে পুলিশ। আসন্ন দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই ব্লু-প্রিন্ট তৈরি করে এলাকায় একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Advertisement

পুজোর কেনাকাটার জন্য শহর ও গ্রামগঞ্জের বাজারে ক্রমশ ভিড় বাড়ছে। এই সুযোগে পকেটমার ও ছিনতাইকারী চক্র যাতে সক্রিয় হতে না পারে, তার জন্য শহরের সমস্ত জনবহুল এলাকা এবং বাজারগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশি টহলদারিও বেড়েছে। এমনকী ফাঁকা বাড়ির সুযোগে চুরির ঘটনা যাতে না ঘটে সেব্যাপারেও সতর্ক রয়েছে। যানজট নিয়ন্ত্রণ এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সিসি ক্যামেরায় নজরদারিও বাড়ানো হয়েছে তুফানগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। 
পুলিশের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বস্ত্র ব্যবসায়ী জগবন্ধু সাহা বলেন, পুজোর কেনাকাটার ভিড়ে প্রতি বছরই মোবাইল ও মানিব্যাগ চুরির ঘটনা বাড়ে। যার ফলে অনেক ক্রেতাই বাজারে আসতে ভয় পান। এবার পুলিশি নজরদারি বাড়ানোয় ক্রেতারাও নিশ্চিন্তে কেনাকাটা করতে পারছেন। শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজীব পাল বলেন, এতে আমরা নিশ্চিন্তে কেনাকাটা করতে পারব। তবে আমরা চাই এই কড়াকড়ি যেন শুধু পুজোর কয়েকদিনই সীমাবদ্ধ না থেকে বছরের বাকি সময়টাতেও বজায় থাকে। 
তুফানগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেহভাজন কাউকে দেখলেই তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হবে। শহরের গুরুত্বপূর্ণ মোড় এবং বাজারগুলিতে রাতে পুলিশের বিশেষ মোবাইল ভ্যান টহল দিচ্ছে। পাশাপাশি রয়েছে উইনার্স টিমও।

Advertisement
সম্পর্কিত সংবাদ