নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২১ জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই সভা করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। সেই মতো পুলিশের কাছে সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এমনকি, রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে গিয়ে মঞ্চ বাঁধার জন্য মাপজোক করে আসেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সাংসদ দোলা সেনরা। কিন্তু ভিক্টোরিয়া হাউসের সামনে মমতাপন্থীরা আদৌ কর্মসূচির জন্য ছাড়পত্র পাবে কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে। সভা করার জন্য ওই জায়গা নাও মিলতে পারে বলে চর্চা চলছে। এর মধ্যেই কুণালের নামে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এরপরই কুণাল ঘোষের প্রসঙ্গ টেনে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে চলে গেলেন! এই অধিকার আপনাকে কে দিয়েছে? এখনও তো সভা করার জন্য অনুমতি পাননি। তার আগেই মাপজোক করতে চলে গেলেন? কোথায় সভা করতে পারবেন, তা আমরা বলে দেব।’ শুভেন্দুর এই বক্তব্য থেকে অনেকেই মনে করছেন, ভিক্টোরিয়া হাউসের সামনের অংশ সভা করার জন্য নাও দেওয়া হতে পারে। শুভেন্দু অধিকারীর কথায়, ‘তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ লোক আছে নাকি! দম থাকলে ব্রিগেডে গিয়ে সভা করুক তৃণমূল।’



