নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেড় লক্ষ টাকার আইফোন ছিনতাইয়ের অভিযোগে হেয়ার স্ট্রিট থানার পুলিস মহম্মদ আব্দুল নামে এক যুবককে গ্রেপ্তার করেছিল। জেল হেফাজতে থাকা ওই যুবককে জেরা করে পুলিস এবার ময়দান থানা এলাকার একটি আই ফোন চুরির মামলায় তাকে হেফাজতে নিল। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাকে ১৮ জুন পর্যন্ত পুলিস হেফাজতের নির্দেশ দেন।
এদিন আদালতে মামলাটি উঠলে সরকারি কৌঁসুলি রাধানাথ রং বলেন, অভিযুক্তের টার্গেট ছিল আইফোন হাতিয়ে নেওয়া। এরজন্য সে মোটরসাইকেল নিয়ে চক্কর দিত। ময়দান এলাকায় এক ব্যক্তির কাছ থেকে কিছুদিন আগে সে ওই দামি আইফোনটি হাতিয়ে নেয়। সম্প্রতি হেয়ার স্ট্রিট থানার এলাকার দেড় লক্ষ টাকার আই ফোন ছিনতাইয়ের মামলার তদন্ত করতে গিয়ে পুলিসের জালে ধরা পড়ে ওই যুবক। তাকে বাঁকড়া থেকে গ্রেপ্তার করা হয়। পুলিস হেফাজত শেষ হওয়ার পর আদালতের নির্দেশে সে জেল হেফাজতে ছিল। পুলিসের দাবি, তদন্তকারীদের জেরায় ওই অভিযুক্ত জানায়, ময়দান থানা এলাকার আইফোন চুরির সঙ্গে সে যুক্ত। তাকে হেফাজতে পেতে পুলিস ব্যাঙ্কশাল আদালতে আর্জি জানায়। বিচারক তা মঞ্জুর করেন।