নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমান, কাটোয়া এবং কালনা শহরে ষষ্ঠী থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করছে প্রশাসন। দর্শনার্থীরা যাতে সুষ্ঠুভাবে মণ্ডপে ঘুরতে পারেন সেই জন্যই এই সিদ্ধান্ত। ষষ্ঠী থেকে পুলিশের টহলদারি বাড়ছে শহরে। মহিলা পুলিশের বিশেষ দল সাইকেল এবং স্কুটি চালিয়ে শহরের অলিতে গলিতে পৌঁছে যাবে। দর্শনার্থীরা বিকেল থেকেই যাতে মণ্ডপে সুষ্ঠু ভাবে ঘুরতে পারেন তারজন্য বিভিন্ন পদক্ষেপ করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে শহরে পণ্যবাহী গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। ৫ অক্টোবর পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। ষষ্ঠীর দিন বিকেল চারটে থেকে বাস চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জিটি রোডে বিকেল চারটের পর থেকে টোটো চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে শহরে প্রবেশ করা যাবে। অ্যাম্বুলেন্স, দমকলের মতো জরুরি পরিষেবার গাড়ি কোথাও আটকানো হবে না। জিটি রোডের উপর বাইক বা অন্য গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। বাস এবং অন্য পণ্যবাহী গাড়ি পাল্লা মোড়ে আটকানো হবে। এছাড়া ডিভিসি, বেচারহাট এবং দামোদর কোল্ড স্টোরেজের কাছে পণ্যবাহী গাড়ি আটকানো হবে। আরামবাগ রোড হয়ে আসা বাস এবং সমস্ত ধরনের পণ্যবাহী গাড়ি তেলিপুকুরে দাঁড় করানো হবে। এছাড়া তেলিগঞ্জ মোড়, আঞ্জিরবাগান, রথতলা মোড়, লাকুড্ডি এলাকাতে ভারী গাড়ি দাঁড় করানো হবে। কাটোয়া রোড ধরে আসা ভারী গাড়ি দাঁড় করানো হবে ভুতার পাড়ে। এমবিসি টেকনিক্যাল কলেজ মোড়ে কালনা রোড ধরে আসা গাড়ি দাঁড়াবে।



