নিজস্ব প্রতিনিধি, বরানগর: খড়দহ স্টেশন রোড ও রহড়ায় নিত্যদিনের যানজটে জেরবার এলাকাবাসী। এই অবস্থায় সম্প্রতি পুলিশ ও প্রশাসনের সক্রিয়তায় কিছুটা হলেও আশার আলো দেখছে তারা। ইতিমধ্যে রহড়া বাজারে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা বাস সরতে শুরু করেছে। পুলিশের তরফে স্টেশন রোডে মাইকিং করে অবৈধ দখলদার, টোটো, অটো ও গাড়ি পার্কিং সরানোর জন্য ৪৮ ঘন্টার সময়সীমা দেওয়া হয়েছে।
সন্ধ্যা হলেই রহড়া বাজারের রাস্তার উপর ৭৮/১ রুটের(রহড়া-বাবুঘাট) বাস পার্কিং শুরু হত। প্রতিদিন ৩০-৩৫টি বাস রহড়া বাজার থেকে কল্যাণপুর বটতলা পর্যন্ত রাস্তার দু’দিকে পার্কিং করা থাকত। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটত। গত সপ্তাহে সোদপুর ট্রাফিক গার্ডের ইনস্পেক্টর কুমারেশ ঘোষের নেতৃত্বে বাস মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়, রহড়া বাজারে রাস্তার উপর কোনো বাস পার্কিং করা যাবে না। কল্যাণপুর বটতলা থেকে কল্যাণপুর হাইস্কুল, পানশিলা এলাকার ফাঁকা জায়গায় বাস রাখতে হবে। এই সিদ্ধান্ত না মানলে ফাইনসহ কঠোর পদক্ষেপ করা হবে। সেইমতো চলতি সপ্তাহের প্রথম থেকে রহড়া বাজার এলাকায় বাস পার্কিং কল্যাণপুরের দিকে সরে গিয়েছে। খড়দহ স্টেশন রোডের যানজটও অন্যতম বড়ো সমস্যা। রেলগেট বন্ধ থাকায় একদিকে গাড়ির দীর্ঘ লাইন, রাস্তার দুদিকে টোটো, অটো, রিকশ দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। কিছু অস্থায়ী দোকানও বসে। ফলে রাস্তা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। তাই সোদপুর ট্রাফিক গার্ডের তরফে এলাকায় মাইকিং করে বলা হচ্ছে, রাস্তায় বেআইনি পার্কিং ও দোকান সরাতে ৪৮ ঘন্টা সময় দেওয়া হল। স্টেশন রোড ও রহড়া বাজার এলাকার রাস্তার উপর অযথা পার্কিং দেখলে কঠোর পদক্ষেপ করা হবে। খড়দহ পুরসভার ভাইস চেয়ারম্যান সায়ন মুখোপাধ্যায় বলেন, ‘আমরা চেষ্টা করলেও দলের গোষ্ঠী কোন্দলের জন্য বেআইনি পার্কিং সরাতে পারিনি। বর্তমান বিধায়ককে ধন্যবাদ। তাঁর সক্রিয়তায় রহড়া ও খড়দহ স্টেশন রোডের বেআইনি পার্কিং সরানোর কাজ শুরু হয়েছে।’ এলাকায় মাইকিং করছে পুলিশ। -নিজস্ব চিত্র



