হারানো মোবাইল খুঁজতে গড়িমসি থানাগুলির, উৎসাহ দিতে পুরস্কার, রাজ্যকে বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রে অনেক সময় পুলিশের গড়িমসি থাকে। থানার অফিসাররা কেবল মোবাইলটি ট্র্যাকিংয়ে দিয়েই দায় সারেন। তারপর আর ‘ফলো আপ’ করেন না। আর এই সুযোগ নিয়ে  চোরাকারবারিরা হ্যান্ডসেট বাংলাদেশে পাচার করে দেয়। তাই পুলিশকর্মীরা যাতে মোবাইল উদ্ধারে গুরুত্ব দেন এবং উৎসাহ পান, তার জন্য ডিভিশন ও থানাগুলিকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।  ইতিমধ্যে এ সংক্রান্ত বার্তা রাজ্যের কাছে পৌঁছেছে। প্রতিযোগিতায় যাতে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যকে টেক্কা দিতে পারে, তার জন্য পরিকাঠামো ঢেলে সাজা হচ্ছে বলে খবর। 

Advertisement

কেন্দ্রের নজরে এসেছে, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইলের একটা বড়ো অংশই উদ্ধার হচ্ছে না। সেই হ্যান্ডসেট একাধিক হাত ঘুরে বাংলাদেশে চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে বদলে ফেলা হচ্ছে সফ্টওয়ার। ফলে মোবাইলে নতুন আইএমইআই চলে আসছে। তাই ট্র্যাকিংয়ে সেই মোবাইলের কোনো হদিশ মিলছে না। সেই মোবাইল ব্যবহার করে প্রতারকরা সাইবার জালিয়াতিও করছে। জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেলের হাতেও যাচ্ছে এই মোবাইলগুলি। তাই চুরি যাওয়া বা হারানো ফোন উদ্ধারে জোর দিচ্ছে কেন্দ্র। মোবাইল হারানোর তথ্য নথিভুক্ত করার জন্য ‘সঞ্চার সাথী’ নাগরিক পরিষেবা চালু করা হয়েছে। শুধু তাই নয়, ডিওটির (ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশন) তরফেও হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলের তথ্য পাঠানো হয় রাজ্যগুলিকে। পূর্বতন সরকারের আমলে পুলিশের কাছে এই তথ্য এলেও কোনো গুরুত্বই দেওয়া হত না বলে অভিযোগ। সেই সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের নজরে এসেছে, এই সমস্ত মোবাইল উদ্ধারের ক্ষেত্রে স্থানীয় থানা বা ডিভিশনের অফিসাররা ততটা সক্রিয় নন। তাই তাঁদের উৎসাহিত করতে পুরস্কার দেওয়ার এই রীতি চালু হচ্ছে। পুলিশ সূত্রে খবর, কোন জেলার কোন থানা বা কোন ডিভিশন কতগুলি মোবাইল উদ্ধার করেছে, তার তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকে যাবে। অন্যান্য রাজ্যও দিল্লির কাছে এই তথ্য পাঠাবে। ডেটা বিশ্লেষণের পর যে রাজ্যের যে থানা ও ডিভিশন সবচেয়ে বেশি মোবাইল উদ্ধার করবে, তাদের পুরস্কৃত করা হবে। সূত্রের খবর, এক্ষেত্রে পুরস্কারমূল্য কী হবে, তা স্থির হবে কত সংখ্যক মোবাইল উদ্ধার হয়েছে তার ভিত্তিতে। এই বার্তা আসার পরই জেলায় জেলায় মোবাইল ট্র্যাকিং ইউনিটকে শক্তিশালী করা হচ্ছে। সারাক্ষণ মনিটরিংয়ের জন্য রাখা হবে পর্যাপ্ত অফিসার, যাতে সংশ্লিষ্ট মোবাইলের খোঁজ মিললেই সেটি উদ্ধার করা যায়।