Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

থানায় থানায় বার্তা বিজেপি জনপ্রতিনিধিদের, বিধায়কের নাম করে তোলাবাজিতে নির্দ্বিধায় ব্যবস্থা নিন

নির্ভয়ে কাজ করুন। বিধায়কদের নাম করে কেউ  এলাকায় তোলাবাজি  করলে, ব্যবস্থা নিতে একটুকুও দেরি করবেন না। ধরা পড়ার পর কেউ জনপ্রতিনিধির নাম নিলে, তাতে আইনি পদক্ষেপ করুন।

থানায় থানায় বার্তা বিজেপি জনপ্রতিনিধিদের, বিধায়কের নাম করে তোলাবাজিতে নির্দ্বিধায় ব্যবস্থা নিন
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্ভয়ে কাজ করুন। বিধায়কদের নাম করে কেউ  এলাকায় তোলাবাজি  করলে, ব্যবস্থা নিতে একটুকুও দেরি করবেন না। ধরা পড়ার পর কেউ জনপ্রতিনিধির নাম নিলে, তাতে আইনি পদক্ষেপ করুন। এলাকা অপরাধী মুক্ত রাখুন। থানায় থানায় বৈঠক করে ওসি বা আইসিদের কাছে এই বার্তা দিচ্ছেন নব নির্বাচিত বিজেপি বিধায়করা। প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার উপর জোর দিতে বলছেন তাঁরা। 

Advertisement

বিগত ১৫ বছরের শাসনকালে থানার দৈনন্দিন কাজে মাথা গলাতেন তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে বড়-মেজো-সেজো নেতারা। কাকে ধরা হবে, আর কাকে ছাড়া হবে, তা ঠিক করে দিতেন তাঁরাই। সিংহভাগ ওসি বা আইসি চেয়ারের লোভে তৃণমূলের নেতাদের নির্দেশ মেনে চলতেন বলে অভিযোগ। তাঁদের পোস্টিং ক্যামাক স্ট্রিট থেকে নিয়ন্ত্রিত হত বলে পুলিশ মহলের একাংশের বক্তব্য। অভিযোগ, যে কারণে আইনের শাসন নয়, শাসকের আইন বলবৎ করতে বেশি উৎসাহ ছিল তাঁদের।
নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রশাসনিক শৃঙ্খলা ফেরানোর উপর জোর দিয়েছে। পুলিশের আসল কাজ অর্থাৎ ধরপাকড়, উদ্ধার ইত্যাদির গুরুত্ব বেড়েছে। যা তৃণমূল জমানায় কার্যত ছিল না। বিজেপি সূত্রে খবর, কলকাতা ও রাজ্য পুলিশের বিভিন্ন থানায় ওসি বা আইসি হিসেবে থাকা অফিসারদের একটা বড় অংশ এখনও তৃণমূল ঘেঁষা। মন থেকে মেনে নিতে পারছেন না তৃণমূল ক্ষমতাচ্যুত। নতুন সরকারের পলিসি কার্যকর করতে সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না। সেই কারণেই বিজেপি বিধায়করা বিভিন্ন থানায় গিয়ে ওসি বা আইসিদের সঙ্গে বৈঠক করছেন। সেখানে স্পষ্ট বার্তা দিচ্ছেন প্রশাসন তার মতো কাজ করবে, কোনো রাজনৈতিক হস্তক্ষেপ হবে না। পুলিশের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করতে কোনও বিধায়ক আসবেন না। এমনকী কাকে ধরা হবে বা ছাড়া হবে, সেই নির্দেশও তাঁরা ওসি বা আইসিদের দেবেন না। কাউকে ধরার পর ছেড়ে দেওয়ার জন্য ফোন আসবে না তাঁদের। আইনানুযায়ী যা করার সেটা করার পরামর্শ দিচ্ছেন বিধায়করা। এমনকী বিধায়কের নাম করে কেউ তোলাবাজি করলে সংশ্লিষ্টকে যেন রেয়াত করা না হয়। এলাকায় থাকা অপরাধীদের তালিকা তৈরি করে ব্যবস্থা নিতে হবে। যাতে সাধারণ মানুষ ভয়হীনভাবে এলাকায় থাকতে পারে। সেই সঙ্গে তরুণী বা যুবতীরা রাস্তায় যাতে নিগ্রহের শিকার না হন, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলছেন বিধায়করা। 

সম্পর্কিত সংবাদ