নিজস্ব প্রতিনিধি, তমলুক: বাবার জমানো টাকা হাতিয়ে বাইক কিনেছে দশম শ্রেণির ছাত্র। এনিয়ে বাবা বকাঝকা করতেই অভিমানে সেই কিশোর তার বন্ধুকে নিয়ে বজবজের বুইতা গ্রাম থেকে সোজা চলে যায় দীঘা। দুই নাবালককে সম্ভাব্য সব জায়গায় খুঁজে ব্যর্থ হন পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে বজবজ থানায় মিসিং ডায়েরি হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, দুজনই দীঘায় রয়েছে। রবিবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ দীঘা থানার আইসি চন্দ্রশেখর ঘোষালের কাছে ফোন আসে। ঘটনার কথা জানানো হয়। সকালে নিউ দীঘার একটি হোটেল থেকে দুই নাবালককে উদ্ধার করে পুলিশ। এদিন দুপুরে বজবজ থেকে বাড়ির লোকজন দীঘা পৌঁছালে তাদের তুলে দেওয়া হয়। দীঘা থানার আইসি বলেন, ‘শনিবার বিকালে ওই দুই ছাত্র দীঘায় এসেছিল। একজনের সঙ্গে পরিচয় হওয়ার পর তারা নিউ দীঘার হোটেলে উঠেছিল। সেখান থেকে রবিবার সকালে দুজনকে উদ্ধার করা হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধুরই বাড়ি বজবজ থানার বুইতা গ্রামে। একজন দশম শ্রেণির ছাত্র। আরেকজন অষ্টম শ্রেণিতে পড়ে। দশম শ্রেণির ছাত্রটি নতুন বাইক কেনার জন্য বাড়িতে বায়না করেছিল। কিন্তু ১৫ বছরের কিশোরের সেই বায়না কানে তোলেননি পরিবারের লোকজন। দুদিন আগে সে বাবার জমানো টাকা হাতিয়ে শোরুম থেকে বাইক কিনে সোজা বাড়ি চলে আসে। এই ঘটনায় বাড়িতে হইচই শুরু হয়। বাড়ির ছেলেই তিলে তিলে জমানো টাকা এভাবে চুরি করে বাইক কিনবে, তা ভাবতে পারেননি কেউ। এনিয়ে বাড়িতে অশান্তি হয়। ওই ছাত্রকে বকাঝকা করা হয়। তারপরই দশম শ্রেণির ওই ছাত্র তার বন্ধু তথা অষ্টম শ্রেণির পড়ুয়াকে নিয়ে বাড়ি ছাড়ে। তারপর বাসে চেপে দীঘায় চলে আসে। বজবজ থানায় এফআইআর হতেই তাদের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। মোবাইলের টাওয়ার লোকেশন থেকে তাদের অবস্থান জানা যায়। সেই মতো দীঘা থানায় মেসেজ আসে। তারপর দু’জনকে খুঁজে বার করা হয়।
এই ঘটনা নিয়ে তমলুকের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ অলোক পাত্র বলেন, ‘আজকের দিনে বাচ্চাদের শৈশব বলে কিছু নেই। তাদের কেবল পড়াশোনার মধ্যে আবদ্ধ রাখা হচ্ছে। ছোটো বয়সে ভালো লাগার মতো কিছুই আর সেভাবে নেই। সবটাই কেরিয়ারভিত্তিক ভাবনা। এই ভাবনা থেকেই শৈশব উধাও হয়ে যাচ্ছে। বদলে তারা মোবাইল, বাইকে আসক্ত হয়ে পড়ছে। আজকের সময়ে একটা মোবাইল, একটা আলাদা রুম আর একটা বাইক কিশোর বয়সে মারাত্মক প্রভাব ফেলছে।’ -নিজস্ব চিত্র



