নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ইলিশ মাছ ধরার মরশুম এখনও চলছে। তার মধ্যেই মগরাহাটে গাড়ি ভর্তি ইলিশ ধরল পুলিশ। দেখা যায়, সেগুলি সবই খোকা ইলিশ। এরপর ওই মাছের গাড়ি ডায়মন্ডহারবারের নগেন্দ্রবাজারে নিয়ে যাওয়া হয়। নিয়ম মতো, ধরা পড়া ওই মাছের নিলাম করতে হয়। কিন্তু নিলাম করার সময় একদল লোক জড়ো হন সেখানে। অভিযোগ, তাঁরা মৎস্য বিভাগের আধিকারিকদের নিলাম করতে বাধা দেন। হই-হট্টগোল ও বিক্ষোভের জেরে পণ্ড হয় পুরো কাজ। এর জেরে পুলিশ মগরাহাট ও ডায়মন্ডহারবার থানায় দুটি পৃথক মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। শনিবার ঘটনাটি ঘটেছে। কোথা থেকে এবং কারা এই মাছ কিনেছিলেন, তার খোঁজ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওইদিন মাগুরপুকুর এলাকায় নাকা চেকিংয়ের সময় মাছের গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশি করে তারা দেখে, একাধিক ক্রেট ভরে আছে খোকা ইলিশে। পরে জানা যায়, ওই গাড়িতে সব মিলিয়ে ২০০ কেজির বেশি ছোট ইলিশ ছিল। এই ঘটনা নিয়ে প্রথম অভিযোগ হয় মগরাহাট থানায়। নিলাম প্রক্রিয়া বানচাল করার জন্য দ্বিতীয় অভিযোগ হয়েছে ডায়মন্ডহারবার থানায়।



