সংবাদদাতা, উলুবেড়িয়া: মঙ্গলবার সকালে আমতা গ্রামীণ হাসপাতাল থেকে ১১ দিনের সদ্যোজাত এক শিশু চুরি হয়ে যায়। শিশুটিকে চুরি করার অভিযোগ উঠেছিল আশা কর্মী পরিচয় দেওয়া এক মহিলার বিরুদ্ধে। এনিয়ে দফায় দফায় বিক্ষোভ, পথ অবরোধ হয়। পাশাপাশি হাসপাতালে ভাঙচুরের অভিযোগও ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। তবে ঘটনার ছ’ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করার পাশাপাশি ওই মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ।
হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান, শিশু চুরির ঘটনায় আমতা থানার মিল্কিচক গ্রামের বাসিন্দা পিঙ্কি বাগকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ওই মহিলার সন্তান নষ্ট হয়ে গিয়েছিল। তারপর থেকেই একটি শিশুকে চুরি করার করিকল্পনা করেছিলেন তিনি। সেই অনুসারে মঙ্গলবার তিনি হাসপাতাল থেকে শিশুটিকে চুরি করে বাড়ি নিয়ে চলে যান।
জানা গিয়েছে, ১১ দিন আগে আমতার চন্দ্রপুরের ধারাপাড়ার বাসিন্দা মন্দিরা বাগ আমতার একটি নার্সিংহোমে পুত্রসন্তান প্রসব করেন। এরপর মন্দিরার কিছু শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তিনি শনিবার আমতা গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। তাঁর কাছেই ছিল শিশুটি। এদিন বেলা ১২টা নাগাদ গোলাপি শাড়ি পরে পিঙ্কি বাগ হাসপাতালে আসেন। অভিযোগ, তিনি নিজেকে আশা কর্মী পরিচয় দিয়ে মন্দিরার কাছে কিছু কাগজপত্র চান। মন্দিরা সেইসব কাগজ বের করার ফাকে পিঙ্কি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে মন্দিরা শিশু চুরির বিষয়টি জানতে পারেন।
এদিকে শিশু চুরির ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় ওই হাসপাতাল চত্বরে। দফায় দফায় বিক্ষোভ চলার পাশাপাশি নির্বিচারে হাসপাতালে ভাঙচুর চালানো হয়। রাস্তা অবরোধও হয়। হাসপাতালে এই বিক্ষোভের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছয় আমতা থানার বিশাল পুলিশ বাহিনী। আসেন হাওড়া গ্রামীণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জন এ্যালেন জর্জ। পুলিশ শিশুটিকে উদ্ধারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ থেকে দেখে যে, গোলাপি শাড়ি পরা এক মহিলা একটি শিশুকে নিয়ে অটোয় উঠছেন। এরপরেই পুলিস জেলা জুড়ে নাকা চেকিংয়ের পাশাপাশি বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। এর কিছু পরেই শিশুটিকে উদ্ধার করা হয়।
এদিকে, হাসপাতালে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা করেছেন বিধায়ক নির্মল মাজি। তিনি বলেন, কিছু বিজেপি কর্মী পরিকল্পনা করে হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন। আমি পুলিশকে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যাবস্থা নিতে বলেছি। যদিও বিধায়কের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক রমেশ সাঁধুখা।-নিজস্ব চিত্র