নিজস্ব প্রতিনিধি, বারাসত: সাইবার প্রতারণার প্রায় সাড়ে আট লক্ষ টাকা ফেরাল বসিরহাট সাইবার থানা। শনিবার প্রতারিতকে ওই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ২৬ মার্চ বাদুড়িয়া থানা এলাকার বাসিন্দা আকিবুর রহমানের কাছে একটি ফোন আসে। অপরপ্রান্ত থেকে প্রতারক নিজেকে একটি ইনস্যুরেন্স কোম্পানির প্রতিনিধি বলে পরিচয় দেয়। আকিবুর দু’লক্ষ টাকা জিতেছেন বলে জানায় প্রতারক। এর জন্য তাঁকে ১২ হাজার টাকা অগ্রিম দিতে হবে। আকিবুর প্রতারকের কথায় বিশ্বাস করে প্রথমে ১২ হাজার টাকা পাঠান। এরপর বিভিন্ন অজুহাতে তাঁর কাছ থেকে মোট ১০ লক্ষ ১২ হাজার ৩২৯ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। কিন্তু মেলেনি টাকা। অবশেষে প্রতারিত হয়েছেন বুঝতে বুঝতে পেরে তিনি থানায় অভিযোগ জানান।



