সংবাদদাতা, ধূপগুড়ি: লটারির জাল টিকিট বিক্রি হচ্ছে, পুলিসের কাছে এমনই লিখিত অভিযোগ দায়ের করলেন লটারি ডিস্ট্রিবিউটরা। অভিযোগ দায়ের হতেই নাথুয়া বাজারে তদন্তে যায় বানারহাট থানার পুলিস। অভিযোগ, বানারহাট ব্লকের নাথুয়া বাজারে জাল লটারির রমরমা। এর ফলে একদিকে যেমন সরকারকে রাজস্ব দেওয়া বৈধ লটারির দোকান মার খাচ্ছে, এই টিকিট কিনে প্রতারিত হচ্ছেন অনেকে। দীর্ঘদিন এই চক্র সক্রিয় হয়ে উঠেছিল বলে অভিযোগ। সোমবার এ নিয়ে ব্যবসায়ীরা বানারহাট থানায় অভিযোগ দায়ের করেন। আগেও ময়নাগুড়ি থানায় জাল টিকিট বিক্রির অভিযোগ জানিয়েছিলেন লটারি ডিস্ট্রিবিউটররা।
অভিযোগ, মূলত ডালখোলা, রায়গঞ্জ থেকে এই লটারি ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। আর নাথুয়া এলাকায় প্রান্তিক মানুষের বসবাস বেশি থাকায় সেখানে সাধারণ মানুষের কাছে এই টিকিট বিক্রি করতে অসুবিধা হয় না অসাধু চক্রের। ফলে একদিকে যেমন রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে।
এদিন বানারহাট থানার পুলিস নাথুয়া বাজারের বিভিন্ন চত্বরে লটারি টিকিট বিক্রির দোকানগুলি ঘুরে দেখে। পুলিস জানিয়েছে, অভিযোগ করা হয়েছে। জাল লটারি বিক্রির বিরুদ্ধে তদন্ত চলছে। লটারি ব্যবসায়ী বাপ্পা সাহা, সুভাষ ঘোষ বলেন, বাজারজুড়ে এই লটারি বিক্রির চক্র রমরমা। এর ফলে আমরা বৈধ লটারি বিক্রেতারা যেমন মার খাচ্ছি, প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। তাই থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম। পুলিস জানিয়েছে, নিয়মিত অভিযান চালানো হবে।