নিজস্ব প্রতিনিধি,তমলুক: সামনেই উপ নির্বাচন। আর এই নির্বাচনের মুখেই নন্দীগ্রামে তৃণমূল নেতা শেখ সুপিয়ান, শেখ সাহাবুদ্দিনের বাড়িতে আজ তল্লাশি চালাল পুলিশ। আজ বেলা ১২টা নাগাদ নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা সুপিয়ানের জাহাজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। তারপর কেন্দামারি-জালপাই গ্রাম পঞ্চায়েতের অধীন সাহাবুদ্দিনের বাড়িতে পৌঁছয় পুলিশ।
২০০৭ সালে জমি আন্দোলন চলাকালীন খুনের কেসে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় এই মুহূর্তে জেলবন্দি কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। একই কেসে তৃণমূল নেতা শেখ সুপিয়ান, শেখ সাহাবুদ্দিনদের বাড়িতে হানা দিল পুলিশ। তল্লাশির সময় কেউই বাড়িতে ছিলেন না। সুপিয়ান চিকিৎসার জন্য বাইরে রয়েছেন বলে তাঁর জামাই তথা মহম্মদপুরের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শেখ হাবিবুল জানিয়েছেন।
নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা ছিলেন সুপিয়ান, সাহাবুদ্দিন, মিলন প্রধানরা। তাঁদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ মামলা দায়ের হয়। সেই মামলায় মিলন জেলবন্দি। পুলিশ সুপিয়ান, সাহাবুদ্দিনদের খোঁজেও তাঁদের বাড়িতে হানা দিল। যদিও কারও খোঁজ মেলেনি।