নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটিতে কালীপুজোয় ভিড় ও যানজট এড়াতে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। সেই লক্ষ্যে যৌথ পরিদর্শন হয় রেল এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তা ব্যক্তিদের। তাতে উঠে এসেছে নানা প্রস্তাব ও পরিকল্পনা। পুলিশের তরফ থেকে রেলকে আগামী ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত নৈহাটি লোকাল এক নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে ৫ ও ৬ নম্বর থেকে ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে রেলের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি। পুজোর কদিন আরও বেশি সংখ্যক নৈহাটি লোকাল চালানোর জন্য পুলিশের পক্ষ থেকে রেলকে বলা হয়েছে। আলোচনায় আরও ঠিক হয়েছে, যে সব দর্শনার্থীরা ট্রেনে বড়মা দর্শনে আসবেন, তাঁদের সাবওয়ে ব্যবহার করতে হবে। সাবওয়ে দিয়ে বেরিয়ে সোজা অরবিন্দ রোডে ঢুকবেন দর্শনার্থীরা। নৈহাটি প্ল্যাটফর্মের পূর্ব দিকে একটি বহু পুরনো ব্রিজ রয়েছে। যার অবস্থা খুবই দুর্বল। সেই ব্রিজে যাতে দর্শনার্থীরা না ওঠেন তার জন্য পুলিশ কমিশনার নিজে রেল কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। সোমবারের যৌথ পরিদর্শন টিমে ছিলেন দমকল, পূর্তদপ্তর, পুরসভার কর্তা ব্যক্তিরা। ছিলেন বারাকপুরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। তিনি সমস্ত অফিসার এবং পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ও রেলের অফিসারদের নিয়ে নৈহাটি প্ল্যাটফর্ম সরেজমিনে ঘুরে দেখেন। পুজোর কদিন বারাকপুর পুলিশ কমিশনারেট এবং রেলের তরফ একটি যৌথ কন্ট্রোলরুম খোলা হবে বলে পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানিয়েছেন।



