নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জগদ্ধাত্রী, ছট ও কার্তিক পুজোকে সামনে রেখে হুগলির চন্দননগর সহ বড়ো অংশে যান নিয়ন্ত্রণে নামল পুলিশ। কাল অর্থাৎ ১৩ নভেম্বর থেকে যান নিয়ন্ত্রণের কাজ শুরু হচ্ছে। এই প্রথম চন্দননগর-ভদ্রেশ্বর থেকে রিষড়াকে ঘিরে সরকারিভাবে ১০টি পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। সব ধরনের যানকেই সেখানেই আটকে দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বর থানার অধীনে পাঁচটি, চুঁচুড়ায় দু’টি সহ মোট ১০টি পার্কিং জোন থাকছে। সেখানে কত সংখ্যায় কোন জাতীয় গাড়ি থাকবে, সেই পরিকল্পনাও করে ফেলেছে প্রশাসন। মূলত, পুজো মরশুমে ভিড় সামাল দিতেই এই পরিকল্পনা করা হয়েছে।
১৩ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চন্দননগরে আসবেন। ফলে ষষ্ঠীর আগেই নিরাপত্তার ঘেরাটোপে ঢুকে পড়বে চন্দননগর, ভদ্রেশ্বর। ওইদিন বেলা ১২টা থেকেই যান নিয়ন্ত্রণ শুরু হয়ে যাবে। পুলিশ প্রশাসন জানিয়েছে, ১৪ নভেম্বর দুপুর ২টো থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। ২০ নভেম্বর পর্যন্ত একই নিয়ম কার্যকর করা হবে।
অন্যদিকে, ২৩ নভেম্বর পর্যন্ত বাঁশবেড়িয়া ও রিষড়ায় এই পদ্ধতি মেনে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। নির্ধারিত সময়ে যাত্রীবাহী ও পণ্যবাহী কোনো যানই চলবে না। অতীতেও যান নিয়ন্ত্রণ করে চন্দননগরের পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করেছে পুলিশ প্রশাসন। তবে এবার অনেক আগে থেকে এবং অনেক বেশি এলাকাজুড়ে যান নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে জগদ্ধাত্রী, ছট ও কার্তিক পুজোকে কেন্দ্র করে বিপুল সংখ্যক গাড়িকে পার্কিং জোনে আটকে রেখে যান চলাচলে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এনিয়ে চন্দননগর কমিশনারেটের পুলিশ জানিয়েছে, পুজো মরশুমকে সুষ্ঠুভাবে পার করতে যাবতীয় পদক্ষেপ করা হবে। নাগরিক নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য।



