সংবাদদাতা, আলিপুরদুয়ার: সীমান্ত শহর জয়গাঁকে মাদকমুক্ত করতে লাগাতার অভিযান শুরু করেছে পুলিস। মিলছে সাফল্যও। শনিবার ভোর রাতে জয়গাঁ শহরের গুয়াবাড়ি এলাকায় এক বাড়ি থেকে পুলিস ১০.৪৪ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক সহ তিন জনকে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মজবুল হক, আশাফুল শেখ ও সাখিনা খাতুন।
বিহার, মালদহ ও কোচবিহার করিডর হয়ে মাদক দ্রব্যের গন্তব্যস্থল হয়ে উঠেছে আলিপুরদুয়ারের সীমান্ত শহর জয়গাঁ। এই জয়গাঁ হয়ে সীমান্ত পেরিয়ে মাদক চলে যাচ্ছে প্রতিবেশী দেশ ভুটানে। তাই জয়গাঁকে মাদকমুক্ত করতে পুলিস এই অভিযান শুরু করেছে। গত বুধবার রাতে জয়গাঁর সুংসুঙ্গি বাজারের এক বাড়ি থেকে পুলিস ১১.২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছিল। ফের এদিন ভোরে গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তারা সাফল্য পায়। মাদক কারবারি মজবুলের বাড়ি ঘিরে ফেলে পুলিস। উদ্ধার হয় ১০.৪৪ গ্রাম ব্রাউন সুগার। সাত সকালে পুলিসের এই অভিযানে অবাক হয়ে যান প্রতিবেশীরা। গ্রেপ্তার করা হয় তিন জনকে। উল্লেখ্য, এর আগে শহরের ত্রিবেণিটোল এলাকায় পুলিস নেশার ট্যাবলেট উদ্ধার করেছিল। জয়গাঁ হিন্দি স্কুল সংলগ্ন এলাকা থেকেও প্রচুর পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করেছিল পুলিস।
জয়গাঁ থানার আইসি পালজোর শেরিং ভুটিয়া বলেন, এদিন গুয়াবাড়ি থেকে মাদক সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান লাগাতার চলবে।
অন্যদিকে, এদিন দুপুরে হাসিমারা-কালচিনি বাইপাস রাস্তার ট্রলি লাইনে একটি ছোট গাড়িকে ধাওয়া করে পুলিস ২০৮ বোতল ভুটানি মদ উদ্ধার করেছে। যার বাজারমূল্য ৫০ হাজার টাকা। কালচিনি থানার ওসি অমিত শর্মা বলেন, আটক গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে মামলা করা হবে।